জাবি সিনেট নির্বাচন: ছবি জমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনকে সামনে রেখে কর্তৃপক্ষ ঘোষিত দুই কপি ছবি জমা দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন একদল রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে স্মারকলিপি দিয়ে তারা এই দাবি জানান।
আবেদনকারীদের যুক্তি, ছবি জমার এই সিদ্ধান্তের কারণে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটদের অনেকই ভোট দিতে পারবেন না।
আদালতের নিষেধাজ্ঞাসহ নানা জটিলতার কারণে ১৯৯৮ সালের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিনেটের রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটদের নির্বাচন হয়নি।
এবার নির্বাচনের উদ্যোগ নেওয়ার পর গত ১ মার্চ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সব রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটকে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা বা বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্তৃক সত্যায়িত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ২৭ মার্চের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
নিবন্ধক আবু বকর সিদ্দিকই এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
এতে আপত্তি জানিয়ে স্মারকলিপিতে বলা হয়, “স্বল্প সময়ে নিবন্ধিত রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটদের নতুন করে সত্যায়নসহ ছবি জমা দেওয়ার শর্ত একটি বড় অংশের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ দুঃসাধ্য করে তুলবে।
“ইতোমধ্যে যারা রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট হিসেবে নিবন্ধিত হয়েছেন, তারা সকলেই এর আগে দুই কপি ছবি কর্তৃপক্ষ বরাবর জমা দিয়েছেন। তাই নতুন করে ছবি জমা দেওয়ার শর্ত আমাদের বিবেচনায় অনাবশ্যক।”
আগের ছবি দিয়েই নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের পরিচয় নিশ্চিত হতে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো প্রচলিত এবং নির্ভরযোগ্য পরিচিতি নির্দেশকগুলোকে বিবেচনায় নেওয়ার দাবি জানান এই রেজস্ট্রার্ড গ্র্যাজুয়েটরা।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি নীহার সান্যাল, মোজাম্মেল হক ও আতিকুল ইসলাম আকন্দ প্রমুখ।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবু বকর সিদ্দিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের প্রস্তাবটি কর্তৃপক্ষের গোচরে আনার আশ্বাস দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
একই দাবি জানিয়ে গত ৯ মার্চও আরেকটি স্মারকলিপি জমা দেয় রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটদের আরেকটি অংশ।
