বঙ্গভবনের বাজারের টাকা ‘ছিনতাইকারী’ ছালাম ফের গ্রেপ্তার
বঙ্গভবনের দৈনন্দিন বাজারের টাকা ছিনতাইকারী দলের অন্যতম পলাতক আসামি সোহাগ ওরফে ছালামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআইয়ের একটি দল শনিবার রাত আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে ছালামকে গ্রেপ্তার করে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বঙ্গভবনের দৈনন্দিন বাজার করতে বেরিয়ে ২০১৪ সালের ২৭ জানুয়ারি দুপুরে কাপ্তানবাজার এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন একজন সেনা সদস্য। ছিনতাইকারীরা তার কাছ থেকে ৪৯ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ওই ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা হয়। পরে সোহাগ ওরফে ছালাম ও তার দুই সহযোগী মনোয়ার হোসেন মুন্না, মো. সুলতানকে ১৫ হাজার টাকাসহ গ্রেপ্তার করে পুলিশ।
পরে মামলার তদন্তভার থানা থেকে সিআইডিতে যায়। তদন্ত শেষে শুধু মুন্নার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি।
মামলার বাদী ওই অভিযোগপত্র নিয়ে আদালতে আপত্তি জানালে তদন্তের দায়িত্ব পায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত শেষে ডিবি ছালামের ঠিকানা পায়নি জানিয়ে তাকে বাদ দিয়েই অভিযোগপত্র দেয়।
এরই মধ্যে জামিনে বেরিয়ে লাপাত্তা হন ছালাম। আদালতের নির্দেশে দুই মাস আগে মামলাটি তদন্তের দায়িত্ব যায় পিবিআইর হাতে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছালামের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর পিবিআইয়ের একটি দল শনিবার রাতে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ছালামকে গ্রেপ্তার করে।
