গারো তরুণী ধর্ষণ: মামলার প্রতিবেদন জমা পেছালো
রাজধানীর বাড্ডায় গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় রাফসান হোসেন রুবেলের বিরুদ্ধে দায়ের করা মামলায় চার মাসেও আদালতে তদন্ত প্রতিবেদন জমা পড়েনি।
রোববার নির্ধারিত দিনে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক ৩ এপ্রিল ফের দিন রেখেছেন বলে আদালতে সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই হরলাল মল্লিক জানান।
গত বছরের ২৫ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার তিন নম্বর লেনের হাসান উদ্দিন সড়ক থেকে ওই গারো তরুণীকে তুলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন রুবেল। তিন দিন পর বাড্ডা থানায় রুবেলকে প্রধান আসামি করে মামলা হয়।
১৭ দিন পর গত ১১ নভেম্বর বিমানবন্দর স্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় র্যাব। কিন্তু দুদির পর ঢাকার আদালত প্রাঙ্গণে পুলিশের হেফাজত থেকে হাতকড়া নিয়ে পালিয়ে যান এই আসামি। দুদিন পর বাড্ডা এলাকা থেকে তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালতের মাধ্য মে তাকে রিমান্ডে নেওয়া হয়।
রুবেল উত্তর বাড্ডার মিশ্রীটোলা এলাকার মফিজ উদ্দিন ওরফে মফু মিয়ার ছেলে। বর্তমানে তিনি কারাগারে আছেন।
তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও সন্ত্রাসী ঘটনায় বাড্ডা থানায় আটটি এবং রামপুরা থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত বলে পুলিশ জানিয়েছে।
গারো তরুণী এর আগে রুবেল আদালতে ধর্ষণের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
