২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আন্তর্জাতিক পুলিশ সম্মেলন শুরু

জঙ্গিবাদ ও সন্ত্রাসসহ আন্তঃদেশীয় অপরাধ দমনে ঢাকায় বাংলাদেশসহ ১৫টি দেশের পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের তিন দিনের সম্মেলন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2017, 01:18 PM

Updated : 11 Oct 2022, 01:36 PM

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করেন।

ইন্টারপোল মহাসচিব ইউরগেন স্টক এবং আফগানিস্তান, শ্রীলংকা, মিয়ানমার ও মালোয়েশিয়ার পুলিশ প্রধানসহ মোট ৫৮ জন বিদেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন এ সম্মেলনে।

প্রথম দিনের প্রথম অধিবেশন শেষে বাংলাদেশের পুলিশ প্রধান একেএম শহীদুল হক সংবাদ সম্মেলনে বলেন, আন্তঃদেশীয় অপরাধ ও সন্ত্রাস দমনে অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে এ সম্মেলনে একটি সমন্বিত কৌশল প্রণয়ন করা হবে। এছাড়া পুলিশ প্রধানদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য একটি প্ল্যাটফর্ম গঠন করা হবে।

দক্ষিণ এশীয় অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পেশাগত ও কৌশলগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিতকরাও এ সম্মেলনের লক্ষ্য।

আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনেই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালোয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনাম এ সম্মেলনে অংশ নিচ্ছে।

এছাড়া ইন্টারপোল, ফেইসবুক, ‍যুক্তরাষ্ট্রের আইজিসিআই, এফবিআই, আসিয়ানপোল ও আইসিআইটিএপিসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারাও যোগ দিয়েছেন সম্মেলনে।

এ আয়োজনে মোট ১৪টি কর্ম অধিবেশনে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা হবে। জঙ্গিবাদ দমন, মানবপাচার, অর্থনৈতিক অপরাধ, সন্ত্রাসী অর্থায়ন, মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সাইবার অপরাধ নিয়ন্ত্রণের মত বিষয়ও রয়েছে এর মধ্যে।

সম্মেলনের শেষ দিন জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধের কর্মপন্থা নির্ধারণ করে যৌথ ঘোষণায় স্বাক্ষর করবেন অংশ নেওয়া দেশের প্রতিনিধিরা।