২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো সংসদের চতুর্দশ অধিবেশন

শেষ হলো সংসদের চতুর্দশ অধিবেশন, যা ছিলো চলতি বছরের প্রথম অধিবেশন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2017, 12:09 AM

Updated : 11 Oct 2022, 01:36 PM

সাংবিধানিক নিয়ম অনুযায়ী অধিবেশন শুরুর দিন গত ২২ জানুয়ারি সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার পর প্রধান হুইপ আসম ফিরোজ একটি ধন্যবাদ প্রস্তাব আনেন।

৩২ কার্যদিবসের দীর্ঘ এই অধিবেশনে পুরো সময়জুড়ে ২৩১ জন সংসদ সদস্য ৬৪ ঘণ্টার বেশি সময় ধরে এই প্রস্তাবের ওপর আলোচনা করেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর এত সময় ধরে আলোচনা এটাই রেকর্ড।

বৃহস্পতিবার প্রস্তাবের ওপর আলোচনা শেষে সংসদে সেটি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়।

এই অধিবেশন চলাকালীন মারা যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত।

কার্যউপদেষ্টা কমিটি সিদ্ধান্ত ছিলো- অধিবেশন ৯ মার্চ পর্যন্ত চালানোর, তবে ২৫ মার্চ গণহত্য দিবস পালনের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়।

শনিবার রাত ১০টার পরে অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “একসময় সংসদে নোংরা কথা, খিস্তি খেউড় হতো। যখন বিএনপি-জামাত সংসদে ছিলো। পরিবেশটাই খারাপ ছিলো। বিএনপির কিছু সংসদ সদস্যের মুখের ভাষা শোনা যেত না।

“এখনকার পরিবেশের জন্য আমি বিরোধী দলীয় নেতাসহ বিরোধী দলকে ধন্যবাদ জানাই।”

এর আগে সমাপনী ভাষণে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সংবাদিকদের নবম ওয়েজ বোর্ড দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

এর জবাবে সংসদ নেতা বলেন, “ওয়েজ বোর্ড করা হচ্ছে। সংবাদপত্রের মালিকরা বেসরকারি। তারা কি করবেন, না করবেন তাদের ব্যাপার। আমরা ওয়েজ বোর্ড দিচ্ছি। “

সমাপনী বক্তব্যে স্পিকার শিরীন শারমিন সংসদ পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বিরোধী দলকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। বিরোধী দল সংসদ বর্জনের কালচারকে ভেঙেছেন।

“সকল কাজে তারা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছেন। বিশেষ করে আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছেন। তাদের দেওয়া সংশোধনী প্রস্তাব থেকে মন্ত্রীরা গ্রহণও করেছেন।”

এসময় আগামী ১-৫ এপ্রিল ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কেও জানান স্পিকার।

তিনি জানান, আগামী নভেম্বর মাসে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোশিয়েশনের (সিপিএ) ৬৩তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

২৫ মার্চকে গণহত্য দিবস ঘোষণার প্রস্তাব গ্রহণের কথা তুলে স্পিকার বলেন, “বাংলাদেশ জাতীয় সংসদ বিশ্বকে জানিয়ে দিতে চায় ভোলেনি বাংলাদেশ, ভোলেনি অত্যাচার। ভোলেনি নারকীয় বর্বরোচিত গণহত্যা।”

এবারের অধিবেশনে মোট বিল পাস হয়েছে ১০টি, যার মধ্যে আলোচিত বিল ছিল, বিশেষ প্রেক্ষাপটে বিয়ের বয়স কমানো সংক্রান্ত বাল্য বিবাহ নিরোধ বিল।

কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১৮৫টি নোটিস পাওয়া যায়, যার মধ্যে ১২টি গৃহীত এবং গৃহীত নোটিশের মধ্যে চারটি সংসদে আলোচিত হয়। ৭১ এর ক বিধিতে ১৫টি নোটিস আলোচনা হয়।

অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ২৬১টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে ৯৬টি প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা শেখ হাসিনা।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য চার হাজার ২৬০ টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে মন্ত্রীরা জবাব দেন তিন হাজার ১৫৪টির ।