অপহৃত তরুণকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার
ঢাকায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে এক তরুণকে উদ্ধার করেছে র্যাব।
রওনাকুর সালেহীন শুভ (১৮) নামে ওই তরুণ শুক্রবার সকালে অপহৃত হয়েছিলেন।
ধানমণ্ডির একটি মেস থেকে রাত ১২টার মধ্যে তাকে উদ্ধার করা হয় বলে র্যাব-১ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. মইনুল ইসলাম জানিয়েছেন।
ঢাকা সেনানিবাস এলাকার শুভকে অপহরণের পর তার সেনা কর্মকর্তা বাবার কাছে মুক্তিপণ চাওয়া হয়েছিল।
র্যাব কর্মকর্তা মাইনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপহরণকারীরা শুভর মোবাইল ফোন থেকেই তার বাবাকে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল। সেই টাকা না দিলে গুলি করে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল।”
শুভর মোবাইল ফোন ট্র্যাক করে ধানমণ্ডির ৪ নম্বর সড়কের একটি মেস থেকে গভীর রাতে শুভকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় বলে তিনি জানান।
মাইনুল বলেন, “অপহরণকারীরা মেস থেকে পালিয়ে যাওয়ায় জড়িত কাউকে আটক করা যায়নি। একটি চক্র এই অপহরণের সঙ্গে জড়িত থাকতে পারে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
