সেই প্রতিবাদী নাট্যকর্মীরা কোথায়, প্রশ্ন সংস্কৃতিমন্ত্রীর
একালের নাট্যচর্চার মান নিয়ে হতাশ প্রকাশ করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, হালের নাট্যকর্মীদের মধ্যে তিনি কোনো প্রতিবাদী কণ্ঠস্বর খুঁজে পান না।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রাঙ্গণেমোর নাট্যদল আয়োজিত ‘দুই বাংলার নাটোৎসব’ এ অতিথির ব্ক্তব্যে তার কণ্ঠে এ হতাশা ঝড়ে।
আসাদুজ্জামান নূর বলেন, “নাট্যকর্মীদের আপোষ করার সুযোগ নেই। আপোষ করলে সে আর নাট্যকর্মী থাকে না। আজ দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, নাট্যকর্মীদের প্রতিবাদী কন্ঠস্বর এখন আর পরিলক্ষিত হচ্ছে না; যেটা খুব বেদনাদায়ক।
“আমাদের মনে রাখতে হবে, ষড়যন্ত্রকারীদের না রুখলে, প্রতিবাদ না করলে, আমরা মুক্ত কন্ঠে নজরুল-রবীন্দ্রসংগীত গাইতে পারব না। নিতে পারব না সংষ্কৃতির মুক্ত বাতাসে প্রাণ খুলে নিঃশ্বাস।”
স্বাধীনতা পরবর্তী সময়ে নাট্য আন্দোলনের অন্যতম এই সদস্য উৎসব উদ্বোধন করে বলেন, “বাংলাদেশের নাট্যকর্মীরা মহা সংগ্রামে লিপ্ত, যা স্বাধীনতা পরবর্তী থেকে শুরু। চিরন্তন সে লড়াই চলছে।”
অনুষ্ঠানে আসা বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, “দুই দেশের সংস্কৃতিকে এক করার জন্য এমন উৎসবের বিকল্প নেই।”
ভারতীয় নাট্যব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্যায় বলেন, “পৃথিবীর অনেক দেশে গিয়েছি। মানুষের ভালোবাসা পেয়েছি। তবে বাংলাদেশের মানুষের মতো এত ভালোবাসা অন্যত্র পাইনি। এমনকি সরাসরি এমন মিলনমেলাও কোথাও দেখিনি।”
অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যাভিনেত্রী নুনা আফরোজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যব্যক্তিত্ব অনন্ত হীরা।
এবারে নাট্যমেলার মূল স্লোগান – ‘তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব।’
‘তোমরা যেখানেই চলে যাও’- গানের মাধ্যমে শুরু হয় উৎসবের উদ্বোধনী পর্ব।
উদ্বোধন অনুষ্ঠান শেষে দেবেশ চট্টোপাধ্যায়ের রচনা ও নির্দেশনায় ‘ব্রেন’ নাটকটি মঞ্চস্থ হয়।
১০ থেকে ১৮ মার্চ পর্যন্ত নয় দিনব্যাপী এ নাট্যমেলায় মঞ্চায়িত হবে ভারতের চারটি এবং বাংলাদেশের পাঁচটি নাট্যদলের নাটক।
ভারতের নাটকগুলোর মধ্যে রয়েছে কলকাতার সংসৃতি নাট্যদলের ‘ব্রেন’, নিভা আর্টস-এর ‘ওরা আট জন’, কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের ‘নূরলদীনের সারাজীবন’ ও দিল্লির বাংলা নাটকের দল ‘গ্রিনরুম থিয়েটারের অসুখ’। এছাড়া বাংলাদেশের লোক নাট্যদলের ‘কঞ্জুস’, সুবচন নাট্য সংসদের ‘প্রণয় যমুনা’, নাগরিক নাট্যাঙ্গণের ‘গহর বাদশা ও বানেছা পরী’, থিয়েটার আর্ট ইউনিটের ‘মর্ষকাম’ এবং আয়োজক দল প্রাঙ্গণেমোরের ‘আমি ও রবীন্দ্রনাথ’ উৎসবে মঞ্চস্থ হবে।
১৮ মার্চ নাট্যমেলার সমাপনী দিনে ‘প্রাঙ্গণেমোর যুবরাজ সেরা নাটক পদক ২০১৬’ ঘোষণা করা হবে। প্রয়াত অভিনেতা ও নির্দেশক খালেদ খানের স্মৃতি স্মরণে প্রাঙ্গণেমোর নাট্যদল এ বছর থেকে বছরের সেরা নাটক নির্বাচন করে এ পদক প্রদান করছে।
প্রাঙ্গণেমোর জুড়িবোর্ড ২০১৬ সালে মঞ্চে আসা নতুন নাটক থেকে বাছাই করে এ পদকের জন্য তিনটি নাটক প্রাথমিকভাবে মনোনীত করেছে।
নাটক তিনটি হচ্ছে বটতলার ‘ক্রাচের কর্নেল’, নাগরিক নাট্যাঙ্গণের ‘গহর বাদশা ও বানেছা পরী’ এবং যশোরের বিবর্তন নাট্যদলের নাটক ‘মাতব্রিং’।
