২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শেকল ভাঙ্গার পদ্য’

রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের আবৃত্তি উৎসব ‘শেকল ভাঙ্গার পদ্য’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2017, 11:12 PM

Updated : 11 Oct 2022, 01:35 PM

শুক্রবার বিকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে এই উৎসবের আয়োজন করে আবৃত্তি সংগঠন বাকশিল্পাঙ্গন।

এ সংগঠনের ষষ্ঠ আবৃত্তি উৎসবটির উদ্বোধন করেন অধ্যাপক আনোয়ার হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং অভিনেতা-আবৃত্তিশিল্পী সৈয়দ হাসান ইমাম।

অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, “কবিতা হল সাহিত্যের মহত্তম প্রকাশ। আমাদের মানচিত্র জুড়েই ছড়িয়ে আছে কবিতার নানা লাইন, পংক্তি। কবিতাকে যে শুধু সাহিত্যমূল্য নিয়ে বিচার করব, তা কিন্তু নয়। কবিতা হল শাণিত অস্ত্র।

“বাচিকশিল্পীরা কাগজে কলমে কালো শব্দ, কালো লাইনগুলোকে যখন উদাত্ত কণ্ঠে আবৃত্তি করেন, তখন কবিতা হয়ে উঠে এক শাণিত অস্ত্র। মুক্তিযুদ্ধে, জাতীয় সংকটে কবিতার শক্তি আমরা দেখেছি।”

এদিন সম্মাননা জানানো হয় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আবৃত্তিশিল্পী সৈয়দ হাসান ইমাম, আশরাফুল আলম, কাজী আরিফ, পঞ্চানন চৌধুরী, মানবেন্দ্র বটব্যাল এবং ডালিয়া আহমেদকে।

২০১২ সাল থেকে নিয়মিতভাবে আয়োজন করা এই উৎসব নিয়ে বাকশিল্পাঙ্গনের সভাপতি নাসির উদ্দীন বলেন, “এই উৎসব তো এক উপলক্ষ্য মাত্র। এই আয়োজনকে ঘিরে নিজের জায়গা থেকে আমরা মুক্তিযুদ্ধভিত্তিক নানা কাজে যুক্ত হতে চাই।

“যারা এই দেশের জন্য, মানুষের জন্য নতুন পৃথিবী বিনির্মাণে নিজেদের নিয়োজিত করেছেন, তাদের পাশে থাকার এ বড় ক্ষুদ্র প্রয়াস।”

এবারের উৎসবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা নিয়ে সাজানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “তার সাম্যবাদ-দেশপ্রেম-সমতার কথা নিয়ে আমরা সাজিয়েছি এবারের প্রযোজনাগুলো।

“আমাদের পাশাপাশি তিনটি সংগঠনও পরিবেশন করবে মানুষের বেঁচে থাকার সংগ্রামের কথা, শিশুদের বাঁচবার অধিকারের কথা, সর্বোপরি মানুষের বাসযোগ্য ধরিত্রীর কথা।”

আলোচনা পর্বের পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী সংগীত পরিবেশন করে অঙ্কন শিক্ষালয় ও সংস্কৃতি কেন্দ্র। ‘সারা বিশ্বের বিস্ময়’ শিরোনামে আবৃত্তি প্রযোজনা নিয়ে পরে মঞ্চে আসে শিশুদের দল মৈত্রী শিশু দল।

‘শেকল ভাঙ্গার নজরুল’ নিয়ে মঞ্চে আসে বাকশিল্পাঙ্গনের একটি দল। সভাপতি নাসির উদ্দীন এই প্রযোজনার নির্দেশনা দিয়েছেন। আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের প্রযোজনায় ‘এই কি স্বাধীনতা’ নিয়ে মঞ্চে আসে বাকশিল্পাঙ্গনের আরেকটি দল।

একক আবৃত্তি পর্বে ছিল রূপা চক্রবর্তী, ইস্তেকবাল হোসেন, বেলায়েত হোসেন, রফিকুল ইসলাম, জাহিদ রেজা নূর, মাসকুর -এ –সাত্তার- কল্লোল, রেজীনা ওয়ালী লীনা, রাশেদ হাসান, সোহেল আনোয়ার, এমদাদ হোসেন কৈশোর, মশরুর হোসেন, মজুমদার বিপ্লব, সুপ্রভা সেবুতী।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনের পরিবেশনা শুরু হবে বিকাল সাড়ে ৫টায়। এদিন ঢাকা স্বরকল্পনের ক্ষুদে আবৃত্তিশিল্পীরা পরিবেশন করবে ‘যুদ্ধ জয়ের কাব্য’। পরেই থাকছে বাকশিল্পাঙ্গনের চলতি ব্যাচের শিক্ষার্থীদের উপস্থাপনা ‘আমাদের সংগ্রাম চলবেই’। দলীয় প্রযোজনাগুলোর মধ্যে থাকছে ‘ধরিত্রী’, ‘বিশ্ব মানুষ দিবস’।