শিশুর রং তুলিতে বাংলার রূপ
সিলেবাসের বাইরে এসে আঁকাবুকির সময় মেলা ভার, হোমওয়ার্ক আর টিউটরের চাপে জীবন অতিষ্ঠ-এর মধ্যেই রঙতুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে ওঠে ফুল, পাখি, নদী।
একঝাঁক নগর শিশুরআাঁকা আবহমান বাংলার প্রকৃতির নানা ছবি নিয়ে বৃহস্পতিবার বিকালে শিল্পকলা একাডেমির গ্যালারি-৫এ শুরু হয়েছে পঞ্চম শিশু চিত্রকর্ম প্রদর্শনী।
গ্যালারিতে ঢুকতেই স্বাগত জানাবে শিশুদের আঁকা লোকজ মোটিফের নানা ছবি।তাদের ক্যানভাসে ফুটে উঠে গ্রামবাংলার নারীর প্রাত্যহিক জীবনধারা। রঙ পেন্সিলে অবয়ব পেয়েছে কলসী কাঁখে নদীতে ছুটে চলা নববধূ, কেউ এঁকেছে নকশীকাঁথা বোনার দৃশ্য।কারও ছবিতে ফুটে উঠেছে মমতাময়ী মায়ের কথা।
সামনেই পহেলা বৈশাখ, নানা রঙের পোঁচে সেই বৈশাখকে স্বাগত জানিয়েছে খুদে শিল্পী আমান, শাম্মী আর শ্রুতি।
গ্রামে গিয়ে দেখা মেলা,নৌকাবাইচ, সার্কাসের কথা কি সহজে ভোলা যায়! এদিনা, প্রথমা সাহা, এলিথিয়া অর্পিতা গোমেজের আঁকা ছবিতে উঠে এসেছে লোকজ উৎসবের নানা চিত্র। গ্রামীণ জীবনের ছবি এঁকেছে প্রমি এগনেস গোমেজ, রাকিন আল আহসান, নুজহাত নার্গিস রাইসা, রবিরা।
নয় বছর বয়সী অর্ণব, এগারো বছর বয়সী আমানের ক্যানভাসে উঠে এসেছে দস্যি ছেলেদের নানা কাণ্ড।
ফুলের দেশে ঘুরতে গিয়েছিল অরিত্রি প্রাচী দেওয়ান।ফুলের বনে ঘুরে বেড়ানোর সেই দৃশ্য সে আঁকল তার ছোট্ট ক্যানভাসে।
পশুপাখি আর বনবাদাড় নিয়ে দাদি- নানিদের মুখে রোমাঞ্চকর সব কাহিনি শুনে একেবারে মুখস্থ করে ফেলেছে কাশিফ রহমান জাবির, লাইজা, নামিরা রহমান, জাস্টিন, সুনেরার মতো খুদে শিল্পীরা। শিশুশ্রম আর বাল্যবিয়ের কথাও বাদ যায়নি।ওয়ারিশা, ভিক্টরের ক্যানভাসে উঠে আসে সুবিধাবঞ্চিত-অবহেলিত শিশুদের কথা।উইলিয়াম বটলেরোর ক্যানভাসে উঠে আসে বাল্যবিয়ের চিত্র।
এই প্রদর্শনী চলবে ১১ মার্চ পর্যন্ত।
বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের আয়োজনে শুরু হয়েছে ফ্রেস্কো ও টেম্পারা বিষয়ক কর্মশালা। কর্মশালাটি পরিচালনা করছেন কলকাতার শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা বিভাগের অধ্যাপক নন্দদুলাল মুখোপাধ্যায়।তার কাছ থেকেই প্রাচ্যকলার নানা বিষয়ে শিখছেন বিভাগটির নির্বাচিত ২৫জন শিল্পী- শিক্ষক।
ঢাকা বিশ্ববিদ্যালয়-শান্তিনিকেতন শিক্ষা বিনিময় কার্যক্রমের অংশ হিসেবে নয় দিনের এ কর্মশালা চলবে ১৭ মার্চ পর্যন্ত।
