এনজিওতে কাজ হলে এতদিনে দারিদ্র্য শূন্য হত: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে এনজিওগুলোর ভূমিকা নিয়ে বিদেশিরা উচ্চ প্রশংসা করলেও তা নিয়ে আবার প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কর্মকাণ্ডে দারিদ্র্য যদি প্রতি বছর এক শতাংশ হারে কমত তাহলে বাংলাদেশে দারিদ্র্যের হার এতদিনে শূন্যের কোঠায় পৌঁছে যেত, বলেছেন তিনি।
দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংক ও ব্র্যাকের ভূমিকায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রশংসার পর সম্প্রতি তা নিয়ে প্রশ্ন তুলে নিজের সহকর্মীর কড়া সমালোচনা করেছিলেন শেখ হাসিনা।
এনজিও দুটির কার্যক্রমে প্রতি বছর এক শতাংশ করে দারিদ্র্য কমছে বলে এক প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার সংসদে তা নিয়ে পুনরায় কথা বলেন তিনি।
রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় শেখ হাসিনা বলেন, “পেপারে দেখলাম ব্র্যাক ও গ্রামীণ ব্যাংক না কি বছরে এক পার্সেন্ট করে দারিদ্র্য হ্রাস করেছে!
১৯৭২ সাল থেকে ব্র্যাকের এবং ১৯৮৫ সাল থেকে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরুর তথ্যটি তুলে ধরে তিনি বলেন, “৭২ থেকে এখন পর্যন্ত ৪৫ বছর। ’৮৫ সাল থেকে এখন পর্যন্ত ৩২ বছর। এই দুই জায়গা থেকে ১% করে হ্রাস হয়েছে।
“তাহলে বাংলাদেশে তো দারিদ্র্য থাকেই না, শূন্যের কোঠায় চলে যায় বহু আগে। গেল না কেন, সেটাই আমার প্রশ্ন।”
বাংলাদেশে প্রায় আড়াই হাজারের মতো বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করে যাচ্ছে, যাদের অধিকাংশের কার্যক্রম দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে।
শেখ হাসিনা বলেন, “আড়াই হাজারের কাছাকাছি এনজিও। তারাও নাকি দারিদ্র্য বিমোচনে কাজ করছে। তারাও নাকি দারিদ্র্য হ্রাস করেছে। এতগুলো দারিদ্র্য হ্রাসের হিসাব যদি নেওয়া হয় আর, সবাই যদি একটু বিবেচনা করে দেখেন, কোন সরকারের আমলে দ্রুত দারিদ্র্য হ্রাস পেয়েছে।”
“এত যে দারিদ্র্য হ্রাসের গল্প আমরা শুনলাম.. তাতে কতটুকু দারিদ্র্য হ্রাস পেয়েছে,” সংসদ সদস্যদের কাছে প্রশ্ন রাখেন সংসদ নেতা।
তিনি বলেন, “কোনো কোনো বিশেষ ব্যাংক ক্ষুদ্র ঋণ দেয়। ক্ষুদ্র ঋণ দিয়ে খুব সুনাম অর্জনও করে। যদি হিসাব করি, তারা এই যে ঋণ দিয়েছে, তাতে বাংলাদেশের দারিদ্র্যের হার কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? নাকি দারিদ্র্য লালন পালন করা হয়েছে। আর যারা এই ক্ষুদ্র ঋণের ব্যবসা করেছেন, তারাই সম্পদশালী হয়েছেন।”
এ নিয়ে গবেষণা করতে গবেষকদের প্রতি আহ্বান রাখেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশে দারিদ্র্য হ্রাসের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর দারিদ্র্য কমতে শুরু করেছে। ২০০৯ সালে দারিদ্র্যের হার ছিল ৪৭ শতাংশ, এখন তা ২২ শতাংশে নেমে এসেছে।
সরকারের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের তথ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “কেউ যদি দুইশ টাকা জমায়, সরকারের পক্ষ থেকে আরও দুইশ’ টাকা দিই। ওই সুদ দিতে পারে না বলে ঘর-বাড়ি, জমি-জিরেত, গরু-ছাগল কেড়ে নেওয়া হয় না।”
“আমাদের সকল কার্যক্রমের মূলে হচ্ছে বাংলাদেশের মানুষকে দারিদ্র্যের হাত থেকে মুক্তি দিতে হবে,” নিজের সরকারের লক্ষ্য তুলে ধরেন তিনি।
আওয়ামী লীগের বর্তমান সরকারের সমালোচনাকারীদের বঙ্গবন্ধুর সরকার পরিচালনা নিয়ে সমালোচনার কথাও মনে করিয়ে দেন জাতির জনকের মেয়ে শেখ হাসিনা।
“সমাজের কিছু বুদ্ধিজীবী, কিছু উচ্চবিত্ত মানুষ তারা কিন্তু জাতির পিতাকে সময় দিতে চায়নি। তাদের সমালোচনা, নানা আলোচনা, বিভিন্ন কারণে যারা এদেশের স্বাধীনতাবিরোধী ছিল; তাদেরকেই শক্তিশালী করেছিল।এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল; যার ফলাফলটা পেলাম ১৯৭৫ সালের ১৫ অগাস্ট।”
শিক্ষা খাতে উন্নয়নের কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে পুস্তক এবং শিক্ষাবৃত্তি দেওয়ার কথাও বলেন। কৃষিতে ভর্তুকি দেওয়ার কথাও বলেন তিনি।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “যেভাবে, যে উপায়েই হোক; আমরা এই জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন করবোই।”
