সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় রেকর্ড
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবে সবচেয়ে বেশি সময় ধরে আলোচনার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
এ বছর রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৬৪ ঘণ্টা ১৫ মিনিট আলোচনা হয়েছে। আলোচনায় অংশ নিয়েছেন মোট ২৩১ জন সংসদ সদস্য।
এর আগে ২০১৫ সালে রাষ্ট্রপতির ভাষণের ওপর সরকারি ও বিরোধী দলের ২৩৬ জন সংসদ সদস্য মোট ৬০ ঘণ্টা ৪০ মিনিট আলোচনা করেছিলেন। এর মধ্যে বিরোধী দলের ৩৮ জন সংসদ সদস্য ৯ ঘণ্টা ৫৩ মিনিট আলোচনা করেন।
সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে বিষয়টি উল্লেখ করে বলেন, “অতীতে কখনেও এতো দীর্ঘ সময় নিয়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হয়নি।”
চলতি বছর ২২ জানুয়ারি সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি।বৃহস্পতিবার প্রস্তাবটি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়।
সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী রাষ্ট্রপতি বছরের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে সংসদে ভাষণ দেন। পরে প্রধান হুইপ ভাষণের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব আনেন। পরে এই ভাষণের ওপর সরকারি ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন।আলোচনা শেষে প্রস্তাবটি গ্রহণ করা হয়।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ বছর সরকারি দলের ১৯৫ জন ৫২ ঘণ্টার বেশি এবং বিরোধী দলের ৩৬ জন সংসদ সদস্য সাড়ে ১১ ঘণ্টার বেশি আলোচনা করেন।
এর আগে ২০১৬ সালে ২১১ জন সংসদ সদস্য ৫৩ ঘণ্টা ৪৬ মিনিট আলোচনা করেন। এর মধ্যে বিরোধী দলের ৪৩ জন সংসদ সদস্য ১২ ঘণ্টা ৪৬ মিনিট আলোচনার সুযোগ পান। ২০১৪ সালে ২৩২ জন সংসদ সদস্য ৫৬ ঘণ্টা ৫২ মিনিট আলোচনা করেন। এর মধ্যে বিরোধী দলের ৪৮ জন সংসদ সদস্য সুযোগ পেয়েছিলেন ১১ ঘণ্টা ৩৮ মিনিট।
তারও আগে ১৯৯৭ সালে রাষ্ট্রপতির ভাষণের ওপর ২২ ঘণ্টা ৩০ মিনিট, ১৯৯৮ সালে ২১ ঘণ্টা ২ মিনিট, ১৯৯৯ সালে ১০ ঘণ্টা ৫১ মিনিট, ২০০০ সালে ২৩ ঘণ্টা ৪৮ মিনিট, ২০০১ সালে ১৯ ঘণ্টা ৪০ মিনিট, ২০০২ সালে ১৩ ঘণ্টা ৩ মিনিট, ২০০৩ সালে ২৬ ঘণ্টা ৫৮ মিনিট, ২০০৪ সালে ১২ ঘণ্টা, ২০০৫ সালে ১৭ ঘণ্টা ৪৩ মিনিট আলোচনা হয়।
২০০৬ সালে ২৯ ঘণ্টা ৫৯ মিনিট, ২০০৯ সালে ২৮ ঘণ্টা ১৮ মিনিট, ২০১০ সালে ৪২ ঘণ্টা ৫৬ মিনিট, ২০১১ সালে ৪১ ঘণ্টা ২৬ মিনিট, ২০১২ সালে ৫০ ঘণ্টা ২৬ মিনিট এবং ২০১৩ সালে ৪৬ ঘণ্টা আলোচনা হয়।
