২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদনান হত্যায় তিন তরুণের ‘দোষ স্বীকার’

ঢাকার উত্তরায় স্কুলছাত্র আদনান কবীর হত্যায় ‘দোষ স্বীকার’ করে আদালতে জবানবন্দি দিয়েছেন তিন তরুণ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2017, 08:17 PM

Updated : 19 Aug 2022, 03:58 PM

এরা হলেন-রাজন মোহাম্মদ হৃদয়, শাকিল সরকার ও ফখরুল ইসলাম শ্রাবণ। বুধবার রাতে টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম একেএম মইনুদ্দীন ও সাজ্জাদুর রহমানের খাসকামরায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনজন জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠান বিচারক।

উত্তরায় কিশোরদের কথিত দুই গ্রুপ ‘ডিসকো বয়েজ’ ও ‘নাইনস্টার’র দ্বন্দ্বে আদনান খুন হন বলে পুলিশের ভাষ্য। এ হত্যাকাণ্ডে এর আগে গ্রেপ্তার ১৯ জনের মধ্যে ১১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনানকে (১৪) গত ৬ জানুয়ারি সন্ধ্যায় খুন হন। ১০/১৫ জন তরুণ ধাওয়া করে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কে নিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়।

ছেলের মৃত্যুর পর আদনানের বাবা মো. কবির হোসেন উত্তরা পশ্চিম থানায় নয়জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ১০/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুরনো খবর:

আদনান হত্যা: আরও তিনজন গ্রেপ্তার