২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁওতালপল্লীতে আগুন: গাইবান্ধার দুই পুলিশ চিহ্নিত

গোবিন্দগঞ্জে চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদের সময় সাঁওতালদের ঘরে আগুন দেওয়ার ঘটনায় গাইবান্ধার দুই পুলিশ সদস‌্যকে চিহ্নিত করে দুটি প্রতিবেদন দিয়েছে পুলিশ প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2017, 01:28 PM

Updated : 11 Oct 2022, 01:35 PM

পুরনো খবর:

সাঁওতালপল্লীতে আগুন: এসপি, পুলিশ সদস‌্যদের প্রত‌্যাহারের নির্দেশ

প্রতিবেদনে বলা হয়েছে, গাইবান্ধা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মাহবুবুর রহমান ও গাইবান্ধা পুলিশ লাইনসের কনস্টেবল মো. সাজ্জাদ হোসেন সেদিন সাঁওতালদের ঘরে অগ্নিসংযোগ করেন বলে পুলিশের তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।   

বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক তার প্রতিবেদনে জানিয়েছেন। 

অন‌্য প্রতিবেদনটি দিয়েছেন পুলিশের অনুসন্ধান কমিটির সভাপতি রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির।

দুই প্রতিবেদনেই বলা হয়, এসআই মাহবুব ও কনস্টেবল সাজ্জাদ ছাড়াও পুলিশ বা বাইরের লোকজন ওই ঘটনায় জড়িত ছিলেন বলে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয়েছে; কিন্তু তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি।

তাদের প্রতিবেদন দুটি বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। পরে আদালত শুনানি করে প্রতিবেদন দুটি নথিভুক্ত করে।

Image
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট

গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিমের তদন্তে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ সদস‌্যদের জড়িত থাকার প্রমাণ আসার পর এই বেঞ্চ গত ৭ ফেব্রুয়ারি গাইবান্ধার পুলিশ সুপারসহ সেদিন চামগাড়ি এলাকায় দায়িত্বরত সব পুলিশ সদস‌্যকে প্রত‌্যাহারের নির্দেশ দেয়।

পাশাপাশি আল জাজিরা টিভিতে আগুন লাগানোর যে ভিডিও সম্প্রচারিত হওয়ার পর বিষয়টি আলোচনায় এসেছিল, সেই ভিডিও পরীক্ষা করে দেখতে পুলিশ সদর দপ্তর কী পদক্ষেপ নিয়েছে তা জানিয়ে আদালত পুলিশের মহা পরিদর্শক ও রংপুর রেঞ্জের ডিআইজিকে চার সপ্তাহের মধ্যে ‍প্রতিবেদন দিতে বলা হয়।

ওই আদেশেই রংপুর রেঞ্জের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরের প্রতিবেদন দুটি আদালতে জমা পড়ে।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর ৫৮ জন সদস্যকে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া পুলিশ সুপার আশরাফুল ইসলামকে গাইবান্ধা থেকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।

বিচারক বলেন, “মিডিয়া যদি সোচ্চার না হত তাহলে এই ঘটনা এভাবে আসত না। আল জাজিরাসহ দেশীয় গণমাধ‌্যম সোচ্চারভাবে প্রচার করেছে। এর ফলে বিষয়টি স্পষ্ট হয়েছে।”

প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আইজিপি এ কে এম শহীদুল হক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আজ এ বিষয়ে আমি কিছু বলব না। তাহলে এই সংবাদ সম্মেলনের ফোকাস নষ্ট হবে।”

Image
ফেইসবুকে আসা ভিডিওর স্ক্রিনশট

ফেইসবুকে আসা ভিডিওর স্ক্রিনশট

১৯৬২ সালে রংপুর চিনিকল কর্তৃপক্ষ সাঁওতাল ও বাঙালিদের ১৮টি গ্রামের ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি অধিগ্রহণ করে আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তুলেছিল। ওই জমি ইজারা দিয়ে ধান ও তামাক চাষ করে অধিগ্রহণের চুক্তিভঙ্গের অভিযোগ তুলে তার দখল ফিরে পেতে আন্দোলনে নামে সাঁওতালরা।

পরে সাহেবগঞ্জ বাগদা ফার্মে বিরোধপূর্ণ চিনিকলের জন্য অধিগ্রহণ করা জমিতে কয়েকশ’ ঘর তুলে বসবাস শুরু করে তারা। গত ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষের সময় সাঁওতালদের বাড়িঘরে লুটপাট হয়। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ গুলি চালায়। ওই ঘটনায় নিহত হন তিন সাঁওতাল, আহত হন অনেকে। পরে দুটি রিট আবেদন হলে বিষয়টি হাই কোর্টে আসে।

ঘটনার প্রায় এক মাস পর সামাজিক যোগাযোগের মাধ্যমে আসা একটি ভিডিওর ভিত্তিতে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে নতুন করে আলোচনা শুরু হয়। ওই ভিডিওতে দুজন পুলিশ সদস‌্যকে সাঁওতালদের ঘরে আগুন দিতে দেখা যায়।

এই প্রেক্ষাপটে এক রিট আবেদনকারীর সম্পূরক আবেদনে হাই বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মো. শহিদুল্লাহ গত ২৯ জানুয়ারি যে প্রতিবেদন দেয়, তাতে আগুন লাগার ঘটনায় পুলিশ সদস‌্যদের জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা বলা হলেও কারও নাম ছিল না।