২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গুলশান হামলার সন্দেহভাজন’ কলকাতায় গ্রেপ্তারের খবর

গুলশান হামলায় সন্দেহভাজন এক জেএমবি নেতাকে কলকাতার এক আস্তানা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় ইংরেজি দৈনিক টেলিগ্রাফ।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2017, 11:11 AM

Updated : 11 Apr 2022, 11:09 PM

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, মোহাম্মদ ইদ্রিস নামের ওই জঙ্গি সদস্যকে এ সপ্তাহের শুরুতে কলকাতার বড় বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।    

টেলিগ্রাফের প্রতিবেদনে ইদ্রিসকে বর্ণনা করা হয়েছে গুলশান হামলার একজন ‘মোস্ট ওয়ান্টেড’ সন্দেহভাজন হিসেবে। গতবছর ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে ওই জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হন। 

“দিল্লি পুলিশের একটি বিশেষ সেল কলকাতা পুলিশকে খবর দেয়, বড় বাজারের এক আস্তানায় লুকিয়ে আছেন ইদ্রিস। তিনি কলকাতা ও হায়দ্রাবাদের মধ‌্যে ঘোরাফেরা করছেন এবং রোহিঙ্গাদের অধিকারের পক্ষে সরব হওয়ার কথা বলে তরুণদের জঙ্গিবাদে টানার চেষ্টা করছেন বলে সুনির্দ্রিষ্ট তথ‌্য ছিল পুলিশের কাছে,” লিখেছে টেলিগ্রাফ।  

গুলশান হামলার পর বাংলাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর ব‌্যাপক জঙ্গি দমন অভিযান শুরু হওয়ায় জেএমবি এখন মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতিত হওয়ার বিষয়টি ব‌্যবহার করে কর্মী সংগ্রহ ও নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টায় আছে বলে ভারতীয় গোয়েন্দাদের তথ‌্য। 

দিল্লি পুলিশের বরাত দিয়ে টেলিগ্রাফ লিখেছে, ইদ্রিস গুলশান হামলায় ‘প্রত‌্যাক্ষভাবে’ জড়িত ছিলেন এবং ওই ঘটনার পরপরই তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বাংলাদেশ ছাড়তে সক্ষম হন।

“ভারতে ঢোকার পর তিনি মাস তিনেক আগে বড়বাজারের কলুটোলায় আস্তানা গাড়েন। তিনি হায়দ্রাবাদে যাওয়া-আসার মধ‌্যে ছিলেন এবং জেএমবির শীর্ষ নেতা সালেহীনের সঙ্গে যোগাযোগ করে নির্দেশনা নিচ্ছিলেন।” 

ভারতীয় গোয়েন্দাদের ধারণা, ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পালিয়ে যাওয়া সালাউদ্দিন সালেহীন ওরফে সানি ভারতেরই কোথাও লুকিয়ে আছেন এবং দুই দেশেই সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন।

টেলিগ্রাফ জানিয়েছে, দিন পনেরো আগে দিল্লি পুলিশের একটি দল সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব‌্যুরোর সদস‌্যদের নিয়ে কলকাতায় এসে ইদ্রিসকে ধরতে অভিযান চালায়। কলকাতা পুলিশকে না জানিয়েই ওই অভিযান চালানো হয়, কিন্তু তাদের ফিরতে হয় খালি হাতে।  

এরপর দিল্লি থেকে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ইদ্রিসের বিষয়ে তথ‌্য দিয়ে সহযোগিতা চাওয়া হয়। কলকাতা পুলিশ চলতি সপ্তাহের শুরুতে কলুটোলা থেকে ইদ্রিসকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করে।  

গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে, ভারতীয় পুলিশ ইদ্রিসকে গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশে পুলিশের কাউন্টার টোরোরিজম ইউনিটকে জানিয়েছে। বাংলাদেশের পুলিশ চাইলে ইদ্রিসকে জিজ্ঞাসাবাদ করারও সুযোগও তাদের দেওয়া হতে পারে।

তবে এ বিষয়ে বাংলাদেশ পুলিশ বা কাউন্টার টোরোরিজম ইউনিটের কোনো বক্তব‌্য পাওয়া যায়নি।

পুরনো খবর:

গুলশান হামলার ‘অস্ত্র সরবরাহকারী চক্রের প্রধান’ গ্রেপ্তার