২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ নিয়োগ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক মানদণ্ড থেকে বাংলাদেশে জনসংখ্যার বিপরীতে পুলিশের সংখ্যা কম জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল বলেছেন, এই পরিস্থিতির উত্তরণে পুলিশ নিয়োগের পদক্ষেপ চলছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2017, 01:44 AM

Updated : 19 Aug 2022, 03:59 PM

বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় তিনি বলেন, “আন্তর্জাতিক মানদণ্ডে ৪০০ জনগণের বিপরীতে একজন পুলিশ থাকার কথা হলেও আমাদের ৮২৪ জনের বিপরীতে একজন পুলিশ সদস্য রয়েছে।”

এই সংখ্যা বাড়াতে নতুন পুলিশ নিয়োগে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

শিগগিরই ই-পাসপোর্ট চালুর জন্য সরকার কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি নির্মূল নয়, নিয়ন্ত্রণে এসেছে।

“শোলাকিয়া ও আশুলিয়াসহ বেশ কয়েকটি স্থানে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৎপরতায় নাশকতার চেষ্টা ভণ্ডুল করে দেওয়া হয়েছে।”

মাদক নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন তৎপরতার কথা তুলে ধরে আসাদুজ্জামান কামাল বলেন, “দেশের কারাগারে শতকরা ১৭ ভাগ মাদক মামলার আসামি। মাদক মামলার নিষ্পত্তিতে সাক্ষী পাওয়া যায় না। এজন্য সরকার এখন মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছে।”

তিনি বলেন, “দেশে মাদক উৎপাদনের কোনো কারখানা নেই। প্রতিবেশী দেশ থেকে মাদক বাংলাদেশে প্রবেশ করে। এসব দেশের সঙ্গে আমরা সম্পর্ক উন্নয়ন করে চলেছি। এই বিষয়গুলো সংশ্লিষ্ট দেশের নোটিশে আনা হয়েছে।”