ঢাকার স্ট্রাকচার প্ল্যানে কৃষি এলাকা
ঢাকার স্ট্রাকচার প্ল্যানে একটি কৃষিভিত্তিক এলাকা রাখা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজউকের ঢাকা স্ট্রাকচার প্ল্যানে (২০১৬-২০৩৫) পাঁচটি স্ট্রাটেজিক জোনের মধ্যে একটি এগ্রিকালচারাল এরিয়া। মহাপরিকল্পনায় কৃষিজমিগুলোর ওপর নতুন নগরায়ন নিয়ন্ত্রণের বিষয়ে উল্লেখ করা হয়েছে।”
মন্ত্রী জানান, ঢাকা স্ট্রাকচার প্ল্যানে পুরান ঢাকার কোন কোন জায়গায় পুনঃনির্মাণ দরকার এবং কোন কোন জায়গা সংরক্ষণ করা প্রয়োজন তা চিহ্নিত করে বিস্তারিত পুনর্বাসন পরিকল্পনা গ্রহণের কথা বলা হয়েছে।
অল্প জায়গায় বেশি মানুষের বাসস্থানের দৃষ্টিকোণ থেকে রাজউক রাজধানীর বিভিন্ন ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করেছে। এর অংশ হিসেবে পুরানো ঢাকার ঘণবসতিপূর্ণ ও জরাজীর্ণ ভবন এলাকায় বহুতল ভবন নির্মাণের প্রকল্প গ্রহণের পরিকল্পনা আছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, এ বিষয়ে কোরিয়া রিসার্চ ইনস্টিটিউট ফর হিউম্যান সেটলমেন্টসের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া পরিকল্পনার আওতায় পুরানো ঢাকার সংকীর্ণ রাস্তাগুলো প্রশস্ত করা হবে।
এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের যেসব উপজেলায় সরকারি কলেজ নেই সরকার সেসব উপজেলায় একটি করে কলেজকে জাতীয়করণের পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ২৭৫টি বেসরকারি কলেজকে জাতীয়করণের বিষয়ে অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এক প্রশ্নে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় সরকারি কোনো বিদ্যালয়ে শূণ্য পাসের হার নেই। তবে আট ধরনের ৫৫টি প্রাথমিক বিদ্যালয়ের একজনও পাস করেনি।
এরমধ্যে অস্থায়ীভাবে নিবন্ধিত একটি, কিন্ডারগার্টেন ১৫টি, এনজিও ৯টি, কমিউনিটি বিদ্যালয় একটি, অনিবন্ধিত বিদ্যালয় ১৭টি, উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় একটি, ব্র্যাক স্কুল ৪টি এবং নতুন জাতীয়করণ করা বিদ্যালয় ৭টি। এ ছাড়া এবতেদায়ি শিক্ষার সমাপনী পরীক্ষায় ২৬টি মাদ্রাসায় একজনও পাস করেনি।
