২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২৪ কেজি সোনা: আট বিমানকর্মীসহ আসামি ১৮ জন

চার বছর আগে শাহজালাল বিমানবন্দরে ১২৪ কেজি সোনা আটকের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আট কর্মকর্তাসহ ১৮ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 05:42 PM

Updated : 11 Apr 2022, 11:08 PM

ডিবি পুলিশের সহকারী কমিশনার গোলাম সাকলায়েন সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন বলে আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান।

অভিযোগপত্রে আসামি বিমানকর্মীরা হলেন- বিমানের জুনিয়র সিকিউরিটি অফিসার কামরুল হাসান, সুইপিং সুপারভাইজার আবু জাফর, এয়ারক্রাফট মেকানিক মো. মাসুদুর রহমান, মেকানিক অ্যাসিস্ট্যান্ট আনিস উদ্দিন ভূঁইয়া, মেকানিক মজিবর রহমান, জুনিয়র ইন্সপেকশন অফিসার মো. শাহজাহান সিরাজ ওরফে বাবুল, মো. রায়হান আলী, ইঞ্জিনিয়ারিং অফিসার সালেহউদ্দিন,

অন্য আসামিরা হলেন- নেপালের নাগরিক গৌরাঙ্গ রোসান, তার সহযোগী বাংলাদেশি সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মিলন শিকদার, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আব্দুল বারেক তরফদার, ব্যবসায়ী সালেহ আহম্মদ খান, মানিক মিয়া, সুব্রত কুমার দাস ওরফে লিটন, এসএম নুরুল ইসলাম, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী সালেহ আহম্মেদ, সিরাজুল ইসলাম এবং জসিমউদ্দিন।

অভিযোগপত্রে ৪২ জনকে সাক্ষী করা হয়েছে।

২০১৩ সালের ২৪ জুলাই শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি কার্গো থেকে ১২৪ কেজি ওজনের  ১ হাজার ৬৫টি সোনার বার উদ্ধার করে কাস্টমস কতৃর্পক্ষ।

এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় বিমানের ১০ কর্মীসহ মোট ১৪ জনকে আসামি করা হয়েছিল।