সারি সারি গাছ নিধন
ঢাকার বিমানবন্দর সড়কের দুই ধারের কয়েকশ গাছ কেটে ফেলা হয়েছে।
গাছের মালিক বন বিভাগ নিয়ম মেনে গাছ কাটার কথা বললেও ব্যাপকভাবে সবুজ উচ্ছেদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ওই এলাকার অনেক বাসিন্দা।
উত্তরা এলাকার বাসিন্দা নাসরিন চৌধুরী বলেন, “এখানে কী ঘন সবুজ গাছ ছিল, ছায়া ছিল! কিন্তু কেন কর্তৃপক্ষ এভাবে গণহারে গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে বুঝতে পারলাম না।”
এভাবে উন্নয়ন কাজের নামে, সড়ক সংস্কারের নামে, নতুন করে সারিবদ্ধ বৃক্ষ রোপণের কথা বলে অনেক গাছ কাটা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ঢাকা বিভাগীয় সামাজিক বনায়ন কর্মকর্তা হোসেন মোহাম্মদ নিশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা এলিভেটেড এক্সেপ্রেসওয়ে প্রকল্পের কাজের সুবিধায় তাদের চাহিদা অনুযায়ী সড়কের দুইপাশের গাছ নিলামে বিক্রি করা হয়েছে।
১৮ থেকে ১৯ লাখ টাকায় এসব গাছ বিক্রি হয় বলে জানান তিনি।
ফেব্রুয়ারিজুড়ে বিমানবন্দরের কাছে কাওলা বাজার থেকে বনানী পর্যন্ত সড়কের দুইপাশের গাছ কাটা হয়। মোট ৭৩৬টি গাছ কাটা হয়েছে বলে বনবিভাগের তথ্য।
ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক কাজী ফেরদৌস আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য যেসব গাছ কাটা প্রয়োজন সেগুলো কাটতে আমরা বন বিভাগকে বলেছি। তারা নিজ দায়িত্বে গাছ কেটেছে। এখানে কোনো ধরনের ফাঁক ফোকরের সুযোগ নেই।”
