২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসাহ জোগাতে নারীদের পুরস্কৃত করবে বিবিএফ

পেশাজীবী হতে উৎসাহ জোগাতে এবার তৃতীয়বারের মতো আন্তর্জাতিক নারী দিবসে নারীদের পুরস্কৃত করবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 12:15 AM

Updated : 11 Oct 2022, 01:34 PM

রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে নারীদের মধ্যে ‘রোল মডেল’ সৃষ্টির উদ্দেশ্য থেকে ‘ইনস্পাইরিং উইমেন অ্যাওয়ার্ড' দেওয়ার কথা জানায় আয়োজকরা।

১৪টি ক্যাটাগরিতে বিভিন্ন খাতে অবদান রাখা নারীদের এ পুরস্কার প্রদান করা হবে। এর আগে গত দুই বছরে ৪৮ জনকে এই পুরস্কার দেওয়া হয়।

বিবিএফের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, “নারীরা যাতে পেশাজীবী বা কর্মজীবী হতে উৎসাহিত হয়ে এগিয়ে আসেন, সেজন্য তাদের মধ্য থেকে রোল মডেল সৃষ্টির লক্ষ্যে এবার এই পুরস্কার প্রদান করা হবে।”

এজন্য আন্তর্জাতিক নারী দিবসে ঢাকার হোটেল লো মেরিডিয়ানে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তিনি।

শরিফুল বলেন,“শিক্ষাসহ বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে সারা বিশ্বেই নারীদের অংশগ্রহণ যথেষ্ট বেড়েছে। বাংলাদেশেও গত ৮-১০ বছরে নারীরা বেশ এগিয়ে গেছে। এরপরও অনেক ব্যবধান এখনও রয়ে গেছে।

“ভিন্ন ভিন্ন পেশায় নারীর অংশগ্রহণ যখন বাড়বে, তখন অর্থনৈতিক উন্নয়নও বাড়বে। আর এই নারীদের নেতৃত্বে নিয়ে আসার লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম।”

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের নারী শিক্ষার্থীদের জন্য ‘লিডারস অব টুমরো’ শীর্ষক এক বিশেষ আয়োজন রয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ‘উইমেন ইন লিডারশিপ' এর সভাপতি নাজিয়া আন্দালীব প্রিমা বলেন, ‘নারীর ক্ষমতায়ন বিষয়টি খুব সহজ নয়। এজন্য একটি কৌশলগত আন্দোলন দরকার। তাই আমরা এই উদ্যাগে শুরু করেছি, যারা নেতৃত্বে আসতে চায় তাদের জন্য।”

সংবাদ সম্মেলনে লো মেরিডিয়ান হোটেলের মানবসম্পদ বিভাগের পরিচালক আরমান হুদা, এসআই ফুডস লিমিটেডের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের হেড অব ব্র্যান্ড এন্ড কর্পোরেট কমিউনিকেশন্স মাহজাবীন ফেরদৌসও ছিলেন।