২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাস্কর্য নিয়ে হুমকিদাতাদের সঙ্গে আপসে আঘাত আসবে’

সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের ‘লেডি জাস্টিসের’র আদলে তৈরি ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতাদের সঙ্গে সমঝোতা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 08:22 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, “ভাস্কর্য ভাঙার হুমকিদাতাদের প্রতিহত করতে না পারলে আগামীতে তারা ‘অপারেজয় বংলা’কেও মূর্তি আখ্যায়িত করে ভাঙতে আসবে। তাদের সাথে সমঝোতা করলে তারা আঘাত করতে আসবে। তাদের সাথে আপস না করে প্রত্যাখ্যান করে এগিয়ে যেতে হবে।”

রোমান যুগের ন‌্যায়বিচারের প্রতীক ‘লেডি জাস্টিস’র আদলে একটি ভাস্কর্য সম্প্রতি বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে স্থাপন করা হয়, যার বিরোধিতা করছে হেফাজতে ইসলাম।

পাঠ্যবইয়ে পরিবর্তনের সমালোচনা করে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাদশা বলেন, “যে জঙ্গিবাদীদের চাপাতির নিচে হুমায়ুন আজাদ, অভিজিৎসহ মুক্তমনারা নিহত হয়েছেন,  আমাদের শিক্ষা মন্ত্রণালয় কি সেই জঙ্গিবাদীদের চাপাতির তলায় পড়েছে?

Image
ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা

ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা

“যারা জাতীয় শিক্ষানীতি মানে না তাদের সাথে আলোচনা করে পাঠ্যপুস্তক পরিবর্তন করা হয়েছে। যে কারণে শাপলা চত্বরে যারা ১৩ দফা দিয়েছিল তাদের ২৯টি দাবি মেনে পুরো পাঠ্যপুস্তক পরিবর্তন করা হল। এনসিটিবি পাঠ্যপুস্তক রচনা করবে জাতীয় শিক্ষা নীতির ভিত্তিতে। কিন্তু সেখানে পরিবর্তন এনে কীভাবে তাদের সন্তুষ্ট করা হয়েছে। এই সংসদকে বলতে চাই, এটা বাতিল করে গত বছরের পুস্তক অনুসারে এ বছর শিক্ষা ব্যবস্থা চালানো হোক।”

অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে শনিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সূত্র ধরে ফজলে হোসেন বাদশা বলেন, “খবরের কাগজে দেখলাম প্রফেসর ড. ইউনূসের প্রশংসা করার জন্য আমাদের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন। অর্থমন্ত্রী কেনই বা প্রফেসর ইউনূসের প্রশংসা করতে গেলেন। কী কারণ খুজে পেলেন, জানি না। প্রফেসর ইউনূস ষড়যন্ত্র করেছেন। তার ক্ষুদ্র ঋণ প্রকল্প সুদখোরের থেকে আর বেশি কিছু নয়।

“অর্থমন্ত্রীকে মনে রাখেত হবে ড. ইউনূস মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন কি না- তাও আমাদের জানা নেই। তাকে কোনো দিন শহীদ মিনারে যেতে দেখিনি। তিনি যদি পাঁচটি নোবেল পুরস্কারও ক্রয় করে নিয়ে আসেন- তাহলেও আমাদের কিছু যায় আসে না। প্রফেসর ইউনূসকে আমরা কোনো দিন সম্মান জানাতে যাব না। প্রশংসা করতেও যাব না।”

বাদশা বলেন, “যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল তখন যে লোকটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তার প্রশংসা কেউ করতে পারে আমি বিশ্বাস করতে পারেনি। কিন্তু আমাদের অর্থমন্ত্রী তা করেছেন। আমার মনে হয় তিনি স্বতঃস্ফূর্ত ও অবেগআপ্লুত হয়ে বলে ফেলেছেন। অন্তর থেকে করেছেন বলে মনে হয় না। এ বিষয়ে তিনি নিশ্চয়ই বক্তব্য দেবেন।”

তিনি বলেন, “আমাদের অর্থমন্ত্রী এই সংসদে বলেছিলেন বিশ্ব ব্যাংক উন্নয়নবান্ধব এবং তারা ঋণ প্রদানে কোনো শর্তারোপ করে না। ঋণ বাতিল করে যুদ্ধপরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। সরকারকে বিপদে ফেলতে তারা ঋণ চুক্তি বাতিল করে। অর্থমন্ত্রী যে বিশ্ব ব্যাংকের শর্তহীন ঋণের কথা বলেছেন তা মোটেই ঠিক নয়।

“একতরফা ঋণ চুক্তি বাতিলের পেছনে তাদের কী কারণ ছিল? বিশ্ব ব্যাংকের যে দুর্নীতির কলো বিড়াল গন্ধ শুকে বেড়াচ্ছিল- সেই কালো বিড়াল কী করতে চেয়েছিল? সেই কালো বিড়াল আমাদের পদ্মা সেতুটাকে খেয়ে ফেলতে চেয়েছিল। কানাডার কোর্টে সেই কালো বিড়ালের মৃত্যু ঘটেছে।

“বাংলাদেশে বিনাশুল্কে গাড়ি এনে বিক্রির দুর্নীতি যেসব বিদেশি সংস্থা করেছে তাদের মধ্যে ফার্স্ট হয়েছে বিশ্ব ব্যাংক।”