২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাটকো মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়ে আগামী ৯ এপ্রিল তারিখ রেখেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 05:56 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

মামলাটির চারজন আসামীর পক্ষে হাই কোর্টের স্থগিতাদেশ থাকায় রোববার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার নতুন এ তারিখ ধার্য করেন।

এর আগে মামলাটিতে গত ৮ জানুয়ারি ও ৫ ফেব্রুয়ারি এ মামলার অভিযোগ গঠন পেছায়।

আসামিপক্ষের অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেসবাহ জানান, ২০১৫ সালের ৫ অগাস্ট হাই কোর্ট খালেদা জিয়ার দুটি রিট খারিজ করে দুই মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু আসামি তানভির, গালিব, শাহাদত ও সানোয়ারের পক্ষে হাই কোর্টের স্থগিতাদেশ থাকায় মামলায় অভিযোগ গঠনের শুনানি নিতে পারছে না আদালত।

বোরবার খালেদা জিয়ার পক্ষে সময় আবেদন মঞ্জুর করেন বিচারক।

এছাড়া জামিনে থাকা আসামি ড. খন্দকার মোশারফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্য সকল আসামি আদালতে হাজির ছিলেন বলে জানান আসামিপক্ষের অপর আইনজীবী খায়রুল কবীর।

অন্যদিকে স্থগিত থাকা চার আসামির পক্ষের আইনজীবীকে হাই কোর্টের  রুল নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালতের পেশকার আরিফুর রহমান।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলাটিতে ২০০৮ সালের ১৩ মে জোট সরকারের প্রভাবশালী নয় সাবেক মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. জহিরুল হুদা অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে  বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দরপত্রের শর্ত ভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার করে অনভিজ্ঞ ও অদক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের ফলে সরকারের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

এছাড়া গ্যাটকোকে ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে অবৈধভাবে আরাফাত রহমান কোকো ও ইসমাইল হোসেন সায়মন ২ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ৭৩৬ টাকার আর্থিক সুবিধা নেন।