২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ মার্চ ফিরছে স্বাধীন বাংলা বেতারের ‘হারিয়ে যাওয়া’ গান

একাত্তরের যুদ্ধদিনে সংগীত পরিচালক সুজেয় শ্যাম ও তার সঙ্গীদের কণ্ঠে স্বাধীন বাংলা বেতারে অনুরণিত চারটি গান ফিরছে জয় বাংলা কনসার্টে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2017, 10:41 PM

Updated : 11 Apr 2022, 11:07 PM

এই গানগুলো হচ্ছে- ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে শোনরে তোরা শোন’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’।

বাঙালির মুক্তি সংগ্রামে অনুপ্রেরণা যোগানো এই সবগুলো গানেই সুর দিয়েছিলেন সুরকার সুজেয় শ্যাম। তার কাছ থেকেই গানগুলো নিয়ে ৭ মার্চ আর্মি স্টেডিয়ামে গাইবে বেশ কয়েকটি ব্যান্ড দল।

একাত্তরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে এই গানগুলো স্বাধীন বাংলা বেতারে গাওয়া হয়েছিল জানিয়ে সুজেয় শ্যাম বলেন, বিশ্বপ্রিয়’র লেখা ‘আহা ধন্য আমার’, কবি দিলওয়ারের লেখা ‘আয়রে চাষী মজুর কুলী’সহ তার মোট সাতটি গান এখন আর গাওয়া হয় না।

“আমি মোট নয়টি গানে সুর দিয়েছিলাম। এগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘বিজয় নিশান উড়ছে ওই’ এই দুটি গানই কেবল গাওয়া হয়।”

হারিয়ে যেতে বসা বাংলাদেশের জন্মযুদ্ধের কিছু গান ফের মঞ্চে গাওয়া হবে- একথা জানার পর থেকেই বেশ উৎফুল্ল এই সুরকার।

তিনি বলেন, “আমার ৭১ বছর বয়স, শরীর ভালো না, কখন মরে যাই। আমার মৃত্যুর আগে আমি দেখে গেলাম এখনও বাংলায় এমন মানুষ আছে, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে ও ভালোবাসে। গানগুলো এখন গাওয়া হোক, মানুষ জানুক।”

এসব গানের মধ্যে ‘মুক্তির একই পথ সংগ্রাম’ লিখেছিলেন শহিদুল ইসলাম। মঞ্চে এই গানটি নিয়ে আসবে ব্যান্ড দল ক্রিপটিক ফেইট।

ভারতের পশ্চিমবঙ্গের গীতিকার বিশ্বপ্রিয় চট্টপাধ্যায়ের গান ‘ওরে শোনরে তোরা শোন’ গাইবে আরবোভাইরাস। একই গীতিকারের ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’ গাইবে শূন্য। গীতিকার সুব্রত সেনগুপ্তের ‘রক্ত চাই, রক্ত চাই’ গাইবে লালন।

এই গানগুলো বিস্মৃত হওয়ার বিবরণ দিয়ে তিনি বলেন, “আমরা একটা ট্রাঙ্ক ভরে ’৭২ সালে কলকাতা থেকে স্বাধীন বাংলা বেতারের জিনিসগুলো নিয়ে এসেছিলাম। সেগুলো বেতারে রাখা হয়েছিল।

“পঁচাত্তরে আর্মিরা যখন বঙ্গবন্ধুকে মেরে ফেলল, তখন বাংলাদেশ বেতারকে বাংলাদেশ রেডিও বলা হত। তখন ওরা ওই সব তছনছ করে ফেলে। গান লেখা কাগজ ছিঁড়ে ফেলে।”

প্রায় ২০ বছর আগে স্বাধীন বাংলা বেতারের ৫০টা গান নিয়ে কাজ হয় জানিয়ে প্রবীণ এই শিল্পী বলেন, “এর মধ্যে ৪৫টা রেকর্ডও হয়েছিল। অনেক কষ্ট করে রেকর্ড করেছিলাম। সেটাও বাজারজাত হয়নি। মানুষতো জানেই না।

“এইগুলো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। রেডিও টিভিতে বলি, কোনো কাজ হয় না।”

স্বাধীন বাংলা বেতারে গাওয়া গান রবীন্দ্র-নজরুল-লালন মিলিয়ে আড়াইশ-তিনশ হবে জানিয়ে সুজেয় শ্যাম বলেন, তবে স্বাধীন বাংলা বেতারের জন্য লেখা ও সুর করা গানের সংখ্যা ১০০-১৫০টি হবে। এর মধ্যে ঘুরেফিরে ৫-৬টি গান বাজে। হারিয়ে যাওয়া ‘মুক্তির একই পথ সংগ্রাম’ সে সময় অনেককে আলোড়িত করেছিল।

পুরনো খবর:

৭ মার্চ আর্মি স্টেডিয়ামে ফের মাতবে তারুণ্য