কাজে ফেরানোর দাবিতে পোশাক শ্রমিকদের মানববন্ধন
বকেয়া বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি কাজে পুনর্বহালের দাবি জানিয়ে মানববন্ধন করেছে দুই মাস আগে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আশুলিয়ায় আন্দোলনের সময় কাজ হারানো সোনিয়া অ্যান্ড সোয়েটার লিমিটেডের চার শতাধিক শ্রমিক।
শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে এ দাবি জানান তারা।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন আয়োজিত এই কর্মসূচিতেএ শ্রমকিরা বলছেন, তাদের ‘ন্যায্য ও যৌক্তিক দাবি’ মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার বিষয়ে ভাবছেন তারা।
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গত বছরের ডিসেম্বরে আশুলিয়ায় পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে।ওই সময় শ্রমিক অসন্তোষের মুখে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় মালিকরা।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে জানানো হয়, দশতলা বিশিষ্ট সোনিয়া অ্যান্ড সোয়েটার কারখানার একটি ফ্লোর সেই আন্দোলনের পর থেকে বন্ধ রেখেছে মালিক। সেই ফ্লোরে কাজ করা চার শতাধিক শ্রমিকেও সেই থেকে কাজে ফেরানো হয়নি।
সমাবেশে আশুলিয়ার ওই শ্রমিক আন্দোলন থেকে গ্রেপ্তার হয়ে দুইমাস কারাবরণের পর সদ্যমুক্তি পাওয়া শ্রমিক নেতাদের ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। ওই আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ২৪ শ্রমিক-নেতাকে।
গ্রেপ্তার শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে বেশ কয়েকটি ‘মিথ্যা মামলা’ দেওয়া হয় বলে সমাবেশ থেকে দাবি করেন শ্রমিক নেতা ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন।
‘মিথ্যা মামলায়’ রিমান্ডের নামে তাদের নির্যাতনের জন্য গার্মেন্টস মালিকদের ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আবুল হোসাইন বলেন, অন্যতায় শ্রমিকরা কঠোর আন্দোলনের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি করবে।
সোনিয়া সোনিয়া অ্যান্ড সোয়েটার লিমিটেডের শ্রমিকদের তিনমাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি কারখানাটির মালিককে গ্রেপ্তারের দাবিও জানান তিনি।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, প্রতিবছর দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু শ্রমিকদের বেতন-ভাতা বাড়ে না। তিন বছর পর পর বেতন-ভাতা বাড়ানোর যৌক্তিক দাবি তারা করতে পারে, কিন্তু সেই দাবি করতে গেলে শ্রমিকদের উপর হামলা ও গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।
মুক্তি পাওয়া শ্রমিক নেতা আব্দুল্লাহ আল কামরান বলেন, “আমাদের ডেকে নিয়ে গ্রেপ্তার করেছিল পুলিশ, এরপর আমাদের বিরুদ্ধে নয়টি মিথ্যা মামলা দায়ের করে।
“রিমান্ডের নামে আমাদের উপর নির্যাতন চালানো হয়। যতই নির্যাতন-অত্যাচার করা হোক না কেন, শ্রমিকদের জন্য আজীবন লড়াই সংগ্রাম চালিয়ে যাব।”
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ে প্রতিবেদন করার কারণে স্থানীয় সাংবাদিক নাজমুল হুদাও দুইমাস কারাবরণ শেষে মুক্তি পান।
গ্রেপ্তারের পর রিমান্ডের নামে ‘পুলিশি নির্যাতনের’ বর্ণনা দিয়ে নাজমুল হুদা বলেন, “মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে আমাকে গ্রেপ্তার করা হয়, এরপর তথ্য প্রযুক্তি আইনে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। রাতের অন্ধকারে আমার উপর নির্যাতন চালানো হয়।
“আমাকে চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে একের পর এক চারজন আমাকে মারধর করেছে, এরপর একটা নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়, আমাকে মেরে সেখানে ফেলে দিতে চেয়েছিল। আমি তাদের কাছে মারধর না করতে ক্ষমা চেয়েও রক্ষা পাইনি।”
জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহারের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে শ্রমিক নেত্রী সুমাইয়া ইসলাম ও শ্রমিক নেতা বাবুল আক্তার বক্তব্য রাখেন।
