২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণের বকেয়া শোধে ১৫৪ ট্যানারিকে দুই সপ্তাহ

পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে হাজারীবাগের ১৫৪টি ট্যানারি কারখানার বকেয়া পড়া ৩০ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধের জন্য দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 01:34 PM

Updated : 11 Oct 2022, 01:33 PM

পুরনো খবর:

ট্যানারি: ক্ষতিপূরণ আদায় না হওয়ায় শিল্পসচিবকে তলব

বৃহস্পতিবার এক আদেশে হাই কোর্ট বলেছে, ওই সময়ের মধ্যে বকেয়া টাকা জমা না দিলে ট্যানারিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক সম্পূরক আবেদনে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এই আদেশ দেয়।

আবেদনকারীপক্ষের আইনজীবী মনজিল মোরসেদ আদেশের পর সাংবাদিকদের বলেন, “ওই সময়ের মধ‌্যে তারা ৩০ কোটি ৮৫ লাখ টাকা জমা না দিলে কারখানা বন্ধ বা মালিকদের গ্রেপ্তারের আবেদন জানাব আমরা।”

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক আবেদনে গত বছরের ১৬ জুন বিচারপতি সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ ট্যানারি মালিকদের পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে প্রতিদিন ৫০ হাজার টাকা করে জরিমানা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে নির্দেশ দিয়েছিল।

পরে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন হাই কোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করলে আপিল বিভাগ জরিমানার সিদ্ধান্ত ঠিক রেখে পরিমাণ কমিয়ে প্রতিদিন ১০ হাজার টাকা নির্ধারণ করে দেয়। শিল্প সচিবকে ওই অর্থ আদায়ের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়।

ক্ষতিপূরণ আদায়ের ওই নির্দেশনা সঠিকভাবে প্রতিপালিত হয়নি জানিয়ে এরপর শিল্প সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

এরপর গত ২৫ জানুয়ারি হাই কোর্ট শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াকে তলব করলে তিনি ১৩ ফেব্রুয়ারি হাজির হয়ে ক্ষতিপূরণ আদায়ের সর্বশেষ পরিস্থিতি ব‌্যাখ‌্যা করেন।

মনজিল মোরসেদ জানান, শিল্প সচিব সেসব ট্যানারি মালিকের তথ্য দিয়েছেন, সেখানে তিনি দেখিয়েছেন গত বছরের আগস্টের পর থেকে ১৫৪ কারখানার মালিকের কাছে ক্ষতিপূরণের ৩০ কোটি ৮৫ লাখ টাকা বকেয়া পড়েছে।  
 
“তখন আমরা এসব ট্যানারির বিদ্যুৎ সংযোগ বন্ধ করার আবেদন জানিয়েছিলাম আদালতের কাছে। অথবা তাদের ব্যক্তিগতভাবে হাজির হতে বলা বা বকেয়া অর্থ দ্রুত পরিশোধ করার নির্দেশনা চেয়েছিলাম।
 
“আদালত আজ নির্দেশ দিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারি কোষাগারে বকেয়া টাকা জমা দিতে হবে। আদালত বলেছে, ওই সময়ের মধ্যে টাকা জমা দেওয়া না হলে তাদের সিরিয়াস কনসিকোয়েন্স ফেইস করতে হবে।”