২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যানারি: ক্ষতিপূরণ আদায় না হওয়ায় শিল্পসচিবকে তলব

হাজারীবাগের ট্যানারিগুলোর কাছ থেকে পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে অর্থ আদায়ের বিষয়ে আদালতের নির্দেশনা প্রতিপালিত না হওয়ায় শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াকে তলব করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2017, 07:45 PM

Updated : 11 Oct 2022, 01:23 PM

পুরনো খবর:

ট্যানারি: পরিবেশের ক্ষতিপূরণ প্রতিদিন ১০ হাজার টাকা

আগামী ৭ ফেব্রুয়ারি তাকে হাই কোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক আবেদনে বুধবার এই আদেশ আসে। আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

পরে তিনি সাংবাদিকদের বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে সাভারের হেমায়েতপুরে নিতে আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় গত বছরের ১৮ জুলাই আপিল বিভাগ প্রতিদিন ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার টাকা করে দিতে নির্দেশ দিয়েছিল ১৫৪ কারখানাকে। শিল্প সচিবকে ওই অর্থ আদায়ের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছিল।

“সেই জরিমানা আদায়ে ব্যর্থতার কারণে শিল্প সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।”

মনজিল মোরসেদ বলেন, “আদালত শিল্প সচিবকে বলেছিলেন এই ক্ষতিপূরণ যাতে আদায় হয় তা নিশ্চিত করতে। গত ১০ জানুয়ারি একটি প্রতিবেদন তারা দাখিল করেছেন। সেখানে দেখা যায়, গত আগস্ট মাসে ১৫০টি কোম্পানি ১০ হাজার টাকা করে দিয়েছে। কিন্তু সেপ্টেম্বরে মাত্র চারটি ও অক্টোবরে তিনটি কোম্পানি টাকা দিয়েছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশেরই এক আবেদনে গত বছরের ১৬ জুন বিচারপতি সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ ট্যানারি মালিকদের পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে প্রতিদিন ৫০ হাজার টাকা করে জরিমানা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে নির্দেশ দিয়েছিল।

পরে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন হাই কোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করলে আপিল বিভাগ জরিমানার সিদ্ধান্ত ঠিক রেখে পরিমাণ কমিয়ে প্রতিদিন ১০ হাজার টাকা নির্ধারণ করে দেয়।