২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ ভবন: রিভিউ শুনানি মুলতবি

ঢাকার হাতিরঝিল প্রকল্প এলাকায় বেআইনিভাবে গড়ে তোলা বিজিএমইএ-এর ১৬ তলা ভবন ভেঙে ফেলতে সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর শুনানি মুলতবি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 10:35 AM

Updated : 19 Aug 2022, 03:54 PM

রাষ্ট্রপক্ষে অ‌্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদন করলে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেয়।

বিজিএমইএর পক্ষে এদিন আদালতে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী।

প্রায় দুই দশক আগে নির্মিত ভবনটি ভেঙে ফেলতে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিজিএমইএর লিভ টু আপিল গতবছর ২ জুন আপিল বিভাগে খারিজ হয়ে যায়।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, বিজিএমইএকে অবিলম্বে নিজেদের খরচে ওই ভবন ভেঙে ফেলতে হবে। তারা তা না করলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রায়ের কপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করবে। সেক্ষেত্রেও ভবন ভাঙার টাকা তারা বিজিএমইএর কাছ থেকে আদায় করবে।  

বিজিএমই ওই রায় পুনর্বিবেচনার আবেদন করায় বৃহস্পতিবার তার ওপর শুনানি শুরু হওয়ার কথা ছিল।

মামলার পূর্বাপর

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৯৯৮ সালে বিজিএমইএ তাদের প্রধান কার্যালয় ভবন নির্মাণের জন্য সোনারগাঁও হোটেলের পাশে বেগুনবাড়ী খালপাড়ের এ জায়গাটি নির্ধারণ করে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কাছ থেকে ৫ কোটি ১৭ লাখ টাকায় জমিটি কেনে।

তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বছর বিজিএমইএ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২৮ নভেম্বর শুরু হয় ভবন তৈরির কাজ। ২০০৬ সালের অক্টোবরে বিজিএমইএর ভবন উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের অভিযোগ ছিল, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে এবং উন্মুক্ত স্থান ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ ভঙ্গ করে বেগুনবাড়ি খালের একাংশ ভরাট করার মাধ‌্যমে ওই ভবন তোলা হয়েছে। ভবনটি নির্মাণের সময় অনুমোদিত নকশাও অনুসরণ করা হয়নি বলে জানিয়েছিল রাজউক।

এ বিষয়ে একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন নজরে আনা হলে ২০১০ সালের ৩ অক্টোবর হাই কোর্টের একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেয়। চূড়ান্ত শুনানি শেষে ২০১১ সালের ৩ এপ্রিল বিজিএমইএ ভবন অবৈধ ঘোষণা করে রায় দেয় হাই কোর্ট।

রায়ে বলা হয়, রেলওয়ে কর্তৃপক্ষের অধিগ্রহণ করা ওই জমি ১৯৯৮ সালে রপ্তানি উন্নয়ন ব্যুরো যেভাবে বিজিএমইএকে দিয়েছে, তা ছিল বেআইনি। বিজিএমইএ যাদের কাছে ওই ভবনের ফ্ল্যাট বা অংশ বিক্রি করেছে, দাবি পাওয়ার এক বছরের মধ্যে তাদের টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয় তৈরি পোশাক ব‌্যবসায়ীদের এ সংগঠনকে।

২০১৩ সালের ১৯ মার্চ প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে হাই কোর্ট বলে, “একটি গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে বিজিএমইএর আইনের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হওয়া বাঞ্ছনীয় ছিল। তারা তা না করে আইনকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে।”

ওই বছর মে মাসে বিজিএমইএ কর্তৃপক্ষ হাই কোর্টে লিভ টু আপিল করে। ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগ তা খারিজ করে দিলে হাই কোর্টের রায়ই বহাল থাকে।

পুরনো খবর:

নিজস্ব খরচে অবিলম্বে ভবন ভাঙার নির্দেশ বিজিএমইএকে
বিজিএমইএ ভবন: ‘অজুহাত’ নিয়ে বসে আছে রাজউক
বিজিএমইএ ভবন ভাঙতেই হবে