প্রশিক্ষিত কর্মী পাঠানো হবে ইউরোপ, ব্রাজিল ও অস্ট্রেলিয়ায়
ইউরোপ, ব্রাজিল ও অস্ট্রেলিয়ায় নতুন শ্রমবাজার তৈরি সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
বুধবার সংসদে এক প্রশ্নে তিনি বলেন, “শ্রম বাজার তৈরি সংক্রান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দেশগুলোতে কর্মী পাঠানোর ব্যবস্থা করা হবে। এ কাজের জন্য একটি পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই হয়েছে।”
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “চলতি অর্থবছরের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৪৩ ধরনের পেশায় ৫ লাখ ২৬ হাজার ৫৪৩ কর্মী বিদেশে গমন করেছেন। এদের মধ্যে বেশির ভাগই শ্রমিক।”
জি টু জি চুক্তির ভিত্তিতে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত বোয়েসেল দক্ষিণ কোরিয়ায় ১৬ হাজার এবং জর্ডানে ৩৫ হাজার ৬৯৯ জন কর্মী পাঠিয়েছে বলে অন্য এ প্রশ্নের জবাবে জানান তিনি।
নুরুল ইসলাম বলেন, ২০১০ সাল থেকে সরকারিভাবে ৬৫ হাজার এবং বেসরকারিভাবে ৩৫ লাখ ৮৫ হাজার কর্মী বিদেশে পাঠানো হয়েছে।
বর্তমানে বিশ্বের ১৬২টি দেশে এক কোটির বেশি বাংলাদেশি কর্মী কর্মরত আছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এক প্রশ্নের জবাবে বলেন, “বাংলাদেশ সুগন্ধি চালের পাশাপাশি চিনি রপ্তানির সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০১৫-১৬ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিয়ানমার, মালয়েশিয়া, নেপাল, সৌদী আরব, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকায় চিনি রপ্তানি করা হয়েছে।”
অন্য এক প্রশ্নে তিনি বলেন, “আমদানি করা দুধ ও দুধ জাতীয় খাদ্য মেলামাইন মুক্ত কি না এবং এতে ভারী ধাতুর মাত্রা গ্রহণযোগ্য মাত্রার কি না, আমদানিকারকদের এ সংক্রান্ত সনদ শুল্ক কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। তেজস্ক্রিয়তার মাত্রা নির্ধারিত মাত্রার বেশি হলে তা জাহাজীকরণ করা যায় না। আমদানি করা খাদ্যের তেজস্ক্রিয়তা বাংলাদেশ পরমানু কমিশন পরীক্ষা করে।”
প্রশ্নোত্তরের আগে বিকাল পৌনে পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
