২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে তিন দূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র জমা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত তিন দেশের অনাবাসিক দূত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2017, 06:39 PM

Updated : 11 Oct 2022, 01:32 PM

বুধবার বঙ্গভবনে গিয়ে আলাদা ভাবে পরিচয়পত্র জমা দেন আলজেরিয়ার রাষ্ট্রদূত লাখাল বেকেলি, আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত ব্রায়ান ম্যাকএলডুফ এবং কেনিয়ার হাইকমিশনার ফ্লোরেন্স আইমিসা ওয়েচে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি নতুন দূতদের বঙ্গভবনে স্বাগত জানিয়ে বাংলাদেশে দূত হিসেবে নিযুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানান।

Image
পরিচয়পত্র পেশ করছেন কেনিয়ার রাষ্ট্রদূত

পরিচয়পত্র পেশ করছেন কেনিয়ার রাষ্ট্রদূত

“রাষ্ট্রপতি এসময় বাংলাদেশের সঙ্গে দূতদের নিজ নিজ দেশের সম্পর্ক বৃদ্ধির জন্য বাণিজ্য-বিনিয়োগসহ সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করার আহ্বান জানান।”

রাষ্ট্রপতি এসময় বাংলাদেশ পাট-পাটজাতদ্রব্য, তৈরি পোশাক, ওষুধসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য উৎপাদন করছে জানিয়ে দূতদেরকে তাদের দেশে এসব পণ্যের আমদানি বাড়ানোর আহ্বান জানান।

এছাড়া দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সফর বিনিময়ের ওপর রাষ্ট্রপতি গুরুত্বারোপ করেন বলে জানান তার প্রেস সচিব জয়নাল আবেদীন।

Image
আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

তিনি বলেন, “অনাবাসিক তিন দূতকে রাষ্ট্রপতি ঘন ঘন বাংলাদেশ সফরেরও আহ্বান জানান।”

নতুন দূতরা এসময় তাদের কর্মকালে রাষ্ট্রপতির সহযোগিতা চান এবং আশা করেন তাদের দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

এর আগে নতুন দূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের আলাদাভাবে গার্ড অব অনার দেয়।