ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
আদালতের রায়ের প্রতিবাদে সারা দেশে পরিবহন ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মনজিল মোরসেদ বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন।
মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চে আবেদনের ওপর শুনানি হবে।
মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় জামির হোসেন নামের এক বাস চালকের যাবজ্জীবন সাজা হওয়ায় খুলনা বিভাগের ১০ জেলায় দুই দিন পরিবহন ধর্মঘট চলার পর সোমবার প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও পরে শ্রমিক নেতারা কর্মসূচি বহাল রাখার কথা বলেন।
ফাইল ছবি
মঙ্গলবারের মত বুধবারও কোনো জেলা থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়ছেন না চালকরা। রাজধানী ঢাকায় নগর পরিবহনের বাসেরও দেখা মিলছে না। ফলে শিক্ষার্থী, অফ্সিগামী যাত্রীসহ সাধারণ মানুষকে রাস্তায় বেরিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আদালতের রায়ের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের ডাকা এই ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে রিট আবেদনে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাস্তায় গণপরিবহন চালু করার পাশাপাশি ওই সময়ের মধ্যে লিখিতভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিতে আদালতের নির্দেশনা চেয়েছে রিটকারী পক্ষ।
ওই সময়ের মধ্যে ধর্মঘট প্রত্যাহার করে গাড়ি চলাচল শুরু না হলে ধর্মঘটী মালিকদের গাড়ি জব্দ করে তা প্রশাসনের মাধ্যমে লিজ দিয়ে পরিচালনার আবেদন করা হয়েছে।
পাশাপাশি যেসব চালক গাড়ি চালাতে অস্বীকার করবেন, তাদের লাইসেন্স বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
