বইমেলায় অর্থমন্ত্রীর ‘মুক্তিযুদ্ধের রচনাসমগ্র’
একাত্তরে বাংলাদেশের বিভিন্ন রণাঙ্গনে যখন মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে লড়ছিলেন, বিদেশে তাদের লড়াইয়ের সঙ্গী ছিলেন আবুল মাল আবদুল মুহিত; যুদ্ধদিনের সেই স্মৃতি নিয়ে তার লেখা বই এসেছে একুশের বইমেলায়।
ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে কর্মরত অবস্থায় পক্ষত্যাগ করে বাংলাদেশের পক্ষে জনমত সংগঠনকারীদের একজন মুহিতের ‘মুক্তিযুদ্ধের রচনাসমগ্র’ নামে এই বইটি এনেছে মওলা ব্রাদার্স।
অধ্যাপক জিল্লুর রহমান খানের সভাপতিত্বে রোববার জাতীয় জাদুঘরে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
‘স্মৃতি অম্লান ১৯৭১’, ‘বাংলাদেশ : জাতিরাষ্ট্রের উদ্ভব’নামে দুটি এই এই সংকলনে স্থান পেয়েছে। এছাড়া ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশের অভ্যূদয়’নামে অন্য দুটি বইয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখাগুলো এই বইয়ে সংকলিত হয়েছে।
বইয়ের ভূমিকায় অর্থমন্ত্রী মুহিত বলেন, “মুক্তিযুদ্ধের অভিজ্ঞতায় আমাদের অনেক দুঃখ আছে। যাদের সঙ্গে ধর্মের সূত্রে আমরা সংশ্লিষ্ট ছিলাম তারা যে আমাদের অবনমিত করার জন্য এমন পৈশাচিক পদক্ষেপ নিতে পারে, যা কল্পনায়ও ছিল না। তাদের সংগঠিত শক্তির বিরুদ্ধে দাঁড়াবারও কোনো সামর্থ্য বা প্রস্তুতি ছিল না।
“কিন্তু নিজের সত্তা সম্বন্ধে অত্যন্ত সচেতন অপ্রস্তুত বাঙালি জনগণ পাকিস্তানের বর্বর হত্যাকাণ্ড ও ধ্বংসলীলা কোনোভাবেই মেনে নিল না। তারা লাঠিসোঁটা ও দা-কুড়াল নিয়েই আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করে চললো।”
“এরপর আমরা একত্রে বহু কাজ করেছি। নানা অনিশ্চয়তা ছিল, বঙ্গবন্ধুর কী হয়েছে, জানতাম না। যুদ্ধ কোনদিকে মোড় নেবে, জানতাম না। এরপরও আমরা কাজ করেছি।
“সে সময় আমরা মূলত দুটি বিষয়ের উপর কাজ করেছি। এক, বাংলাদেশের জন্য স্বীকৃতি আদায়; দুই, বিভিন্ন দাতা সংস্থা যাতে পাকিস্তানকে সহায়তা বন্ধ করে। সেই সব দিন সম্পর্কে তিনি (মুহিত) এই বইয়ে বিস্তারিত লিখেছেন।”
আলোচনায় অংশ নেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী, সাংবাদিক আবেদ খান, রাজনীতিবিদ নূহ উল আলম লেনিন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
বাংলাদেশ স্টাডি ট্রাস্টের চেয়ারম্যান ড. এ কে এ মোমেন এবং মাওলা ব্রার্দাসের মালিক আহমেদ মাহমুদুল হকও অনুষ্ঠানে কথা বলেন।
