পাঠ্যবইয়ে আগরতলা ষড়যন্ত্র নিয়ে ‘ভুল তথ্য’
স্নাতক পর্যায়ের পাঠ্যবই ‘স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস’-এ আগরতলা ষড়যন্ত্র সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই মামলায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আব্দুল জলিল।
রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে বুধবার রাতে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের মুক্তির দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
বইটি দেখিয়ে আব্দুল জলিল বলেন, “এই বই বিএ, বিএসসি, বিকম ক্লাসে পড়ানো হয়, এটা পাঠ্য। এই বইয়ের ১৫২ পৃষ্ঠায় আগরতলা ষড়যন্ত্র সমন্ধে লেখা হয়েছে। সেখানে আগরতলা মামলাটি যে একটি সত্য মামলা, এই কথাটি সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। যেন আয়ূব খানের মাথা থেকে একটা ষড়যন্ত্র এসেছিল, ষড়যন্ত্র কামিয়াব করবে এই মামলার মধ্য দিয়ে, যেন আমরা কিছুই করিনি।”
তিনি বলেন, “বইয়ে আসামিদের নাম দিয়েছে, মামলায় যদিও আমি ২৯ নম্বর অভিযুক্ত সার্জেন্ট আব্দুল জলিল, আমি এখনও জীবিত আছি, অথচ সেখানে লেখা আছে সার্জেন্ট আব্দুল কাদের, কে দেখবে এগুলো? স্কুল-কলেজে পাঠ্য, এগুলো সরকারকে দেখতে হবে। সরকার যেহেতু বলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তাই সরকারকে অবশ্যই দেখতে হবে।”
যারা ভুল তথ্য দিয়ে বই লেখেন সেসব লেখকদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, “এসব বই বাজেয়াপ্ত করতে হবে। আমি ওই বইয়ের লেখককে ফোন করেছিলাম, আমি বলেছি, আপনারা যদি এই ভুল সংশোধন না করেন তাহলে আমি আদালতে মামলা করে আপনাদের সমস্ত বই বাজার থেকে প্রত্যাহারের আবেদন জানাব। তখন তারা ভয় পেয়ে আমার কাছে ওয়াদা করে বলেছিল, শিগগিরই তারা সংশোধন করবে।”
আগরতলা ষড়যন্ত্র নিয়ে তৎকালীর পাকিস্তান বিমান বাহিনীর কর্মী আব্দুল জলিল বলেন, “আমরা যদি কিছুই না করব, তাহলে কেন ঢাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমানকে গ্রেপ্তার করল? যদি আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, ছয় দফাকে ধ্বংস করার জন্য আগরতলা মামলা হয়, আমাকে ও কর্নেল শওকতকে কেন করাচি থেকে গ্রেপ্তার করা হল?
“ওই সময় কেন তোফায়েল সাহেব ও রাজ্জাক সাহেবকে গ্রেপ্তার করা হল না, আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদের কেন গ্রেপ্তার করা হল না, আপনারা বিবেচনা করে দেখেন।”
অনুষ্ঠানে কর্নেল এম শওকত আলী বলেন, “তখন আমাদের পরিকল্পনা ছিল পূর্ব পাকিস্তানের সব ক্যান্টনমেন্ট একরাতে একসঙ্গে আক্রমণ করে সেগুলো আমরা দখলে নেব এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন বলে ঘোষণা করব। কিন্তু পাকিস্তানি গোয়েন্দা বাহিনী টের পেয়ে ৩৫ জনকে অভিযুক্ত করে আগরতলা মামলা করে।”
ওই মামলার ২৪ নম্বর আসামি ও তৎকালীন মেজর ডা. সামসুল আলম বলেন, “একাত্তর কোনো একক ঘটনা নয়, এটা একটি ধারাবাহিকতা। সশস্ত্র বাহিনীতে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আলাপ-আলোচনা শুরু হয়, এরপর একটি রাজনৈতিক মতাদর্শ প্রয়োজন ছিল, তখন বঙ্গবন্ধুর প্রয়োজন ছিল, তিনিও আমাদের কথায় রাজি হয়ে যান, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন করার পরিকল্পনা যা ছিল ’৭১ এ তাই হয়েছে।”
আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের স্বীকৃতি দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েও পারেননি বলে জানান মামলার ৮ নম্বর আসামি ও তৎকালীন কর্পোরাল এ বি এম আব্দুস ছামাদ।
কামাল লোহানীর সভাপতিত্বে আগরতলা মামলার বৈরী সাক্ষী আবুল হোসেনও বক্তব্য রাখেন।
‘ফরওয়ার্ড বাংলাদেশ’ ও ‘রোড টু ফ্রিডম’র যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে আগরতলা মামলায় অভিযুক্তদের সংবর্ধনা দেওয়া হয়।
এ মামলায় প্রধান অভিযুক্ত শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জনকে আসামি করা হয়েছিল, তাদের মধ্যে ছয়জন জীবিত আছেন। এছাড়া মামলার চারজন বৈরী সাক্ষীর মধ্যে একজন বেঁচে আছেন।
