২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উর্দিপরাদের’ সঙ্গে অন‌্যদেরও স্বীকৃতি চান তাহজীব

মুক্তিযুদ্ধে অবদানের জন্য ‘স্বীকৃতিতে’ অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন বাহিনীর সদস্যদের বেছে নেওয়ায় সংসদে খেদ প্রকাশ করেছেন স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকী।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2017, 10:31 PM

Updated : 19 Aug 2022, 03:49 PM

মুক্তিযুদ্ধের সব সংগঠকের স্বীকৃতির দাবি জানিয়েছেন তিনি।

বুধবার সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে ঝিনাইদহের এই সংসদ সদস্য বক্তব্যের শুরুতে ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কারের জন‌্য মনোনীত অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম বীরউত্তমকে অভিনন্দন জানান।

তিনি বলেন, “প্রথমেই তাকে অভিনন্দন। তবে অভিনন্দিত করার সাথে এ কথাও অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে উল্লেখ করতে হয় যে, স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য এ যাবৎকালে মূলত উর্দিপরা লোকজনই পুরস্কৃত হয়েছেন। মুক্তিযুদ্ধে তাদের অবদান খাটো করার কোনো অবকাশ নেই।

“একথা সত্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধ দীর্ঘ আন্দোলন, সংগ্রাম এবং রাজনৈতিক ত্যাগ ও তিতিক্ষার গৌরবগাঁথা এক ইতিহাসের ফসল। আর এই সুদীর্ঘ রাজনৈতিক আন্দোলনের মহানায়ক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নির্দেশেই বাঙালির অধিকার আদায়ের পটভূমি তৈরি করেছিলেন তারই আস্থাভাজন ষাটের দশকের ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী ও পরবর্তীতে মুক্তিযু্দ্ধের সংগঠক।”

এসময় আটজনের নাম উল্লেখ করেন তাহজীব। তারা হলেন- শেখ ফজলুল হক মণি, সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নূরে আলম সিদ্দিকী (তাহজীবের বাবা), শাহজাহান সিরাজ, আ স ম আব্দুর রব ও আবদুল কুদ্দুস মাখন।

তিনি বলেন, “উর্দি পরা লোকেরা বিভিন্ন সময়ে বীরশ্রেষ্ঠ, বীরপ্রতীক, বীর বিক্রমসহ বিভিন্ন খেতাব পেলেও এসব সংগঠকদের কোনো সরকারই সন্মানিত করেনি।

“…জাতিকে চূড়ান্ত সশস্ত্র বিপ্লবের জন্য তৈরি করায় যাদের ছিল অবস্মরণীয় ভূমিকা, সেই চার খলিফা-খ্যাতদের অন্যতম আবদুল কুদ্দুস মাখনদের ভাগ্যে কিছু জোটে না।”

তিনি আরও বলেন, “রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মূল্যায়িত হলেও ’৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক হিসেবে মূল্যায়িত হয়নি। তাকে অবিস্মরণীয় করে রাখার মতো কিছু করতে পারিনি। যে কারণে ’৭৫ পরবর্তী সেনাশাসিত সরকার আমাদের মুক্তিযুদ্ধকে একজন মেজর সাহেবের আকস্মিক ঘোষণা এবং নয় মাসের সশস্ত্র বিপ্লবে সীমাবদ্ধ করে রাখবে সেটাই স্বাভাবিক। কিন্তু মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল ক্ষমতায় থাকার পরেও স্বাধীনতার ইতিহাস পূর্ণতা পাবে না- এটি বিস্ময়কর।”

পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, “আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু নোটিশ দিয়ে কোনো বিধিতে আনলে ভালো আলোচনা হত এবং হয়ত সংসদ গ্রহণও করত।”