২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিনেতা তানভীর কাদেরীর লাশও আঞ্জুমান মুফিদুলে

ছয় মাস আগে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত জঙ্গিনেতা তানভীর কাদেরীর লাশও বেওয়ারিশ হিসেবে দাফন করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2017, 08:53 PM

Updated : 19 Aug 2022, 03:48 PM

গত সেপ্টেম্বরে আজিমপুরের একটি বাড়ি থেকে কাদেরীর লাশ উদ্ধারের পর থেকে তা ঢাকা মেডিকেল কলেজ মর্গে ছিল।

সোমবার বিকালে লাশটি প্রথমে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কাছে হস্তান্তর করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ।

এরপর তারা দাফনের জন্যপ লাশটি আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে।

আঞ্জুমান মফিদুল ইসলামের ডিউটি অফিসার রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা লাশটি বুঝে পেয়েছেন। জুরাইন কবরস্থানে তা দাফন করা হবে।

গত বছরের জুলাইয়ে গুলশান হামলার পর আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত অনেক জঙ্গির লাশ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যইমে জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

গত বছরের ১০ সেপ্টেম্বর আজিমপুরের একটি বাড়িতে অভিযানের সময় টিকতে না পেরে তানভীর কাদেরী আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়।

কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা এবং জমজ ছেলেদের একজন আজিমপুরের ওই অভিযানের সময় আহত অবস্থায় গ্রেপ্তার হন। তারা কারাগারে রয়েছেন।

এর চার মাসের মাথায় উত্তরার দক্ষিণখানের আশকোনায় এক বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তানভীর কাদেরীর অন্যা ছেলে নিহত হন।

গোয়েন্দারা বলছেন, তামিম চৌধুরী নিহত হওয়ার পর নব্যে জেএমবির সমন্বয়কের দায়িত্ব নিতে যাচ্ছিলেন কাদেরী। ‘আব্দুল করিম’ ও ‘শমসেদ’নামে সংগঠনে পরিচিত ছিলেন তিনি। করিম নাম ব্যবহার করেই তিনি বসুন্ধরা আবাসিকে গুলশান হামলাকারীদের জন্য ফ্ল্যাট ভাড়া করেছিলেন।

Image
এই বাড়িতে নিহত তানভীর কাদেরী

এই বাড়িতে নিহত তানভীর কাদেরী

গাইবান্ধা সদর উপজেলার বাটিকামারি গ্রামের তানভীর কাদেরী লেখাপড়ার পাট চুকিয়ে দুটি বেসরকারি কোম্পানি ঘুরে ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং শাখায় উচ্চ পদে যোগ দিয়েছিলেন।

২০০১ সালে তিনি বিয়ে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে লেখাপড়া শেষ করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সেইভ দ্য চিলড্রেন’-এ চাকরিরত ফাতেমাকে।

২০১৪ সালে হজ করতে সপরিবারে সৌদি আরবে যান তানভীর কাদেরী। সেখান থেকে ফিরে আসার পর তার মধ্যে ধর্মীয় উগ্রতা ধরা পড়ে আত্মীয়দের চোখে। ফাতেমাও তখন থেকেই হিজাব পরা শুরু করেন বলে স্বজনরা জানান।

হজ থেকে ফিরে ২০১৪ সালে ডাচ-বাংলার চাকরি ছেড়ে ‘আল সাকিনা হোম ডেলিভারি সার্ভিস’ নামে একটি ব্যবসা শুরু করেছিলেন কাদেরী।

এর মধ্যে ই তিনি জঙ্গিবাদে জড়িয়ে পড়েন বলে পুলিশের ভাষ্যে।

তার স্ত্রী আবেদা আদালতে নিজের কর্মকাণ্ডের জন্য  ক্ষমা চেয়ে বলেছেন, স্বামীর কারণেই নাশকতার এই পথে নেমেছিলেন তিনি।

পুরনো খবর:

আজিমপুরে নিহত ‘জঙ্গি’ গাইবান্ধার তানভীর কাদেরি
‘জাহিদ, কাদেরী, রোকনের টাকায় কয়েক কোটির জঙ্গি তহবিল’
জঙ্গি তানভীরের স্ত্রী দুষছেন স্বামীকে
আশকোনায় অভিযান: জঙ্গিনেতা কাদেরীর ছেলেসহ নিহত ২