দ্বিগুণ হচ্ছে সরকারি কর্মচারীদের কল্যাণ সুবিধা
সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের কল্যাণ সুবিধা দ্বিগুণ করতে এ সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাবে সায় দিয়েছে সরকার।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, চাকরিজীবীদের জটিল ও দুরারোগ্য ব্যাধির জন্য কল্যাণ বোর্ড থেকে এককালীন সাহায্য হিসেবে এক লাখ টাকা অনুদান দেওয়া হলেও তা দুই লাখে উন্নীতের প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, আগে কল্যাণ তহবিলের মাসিক সর্বোচ্চ চাঁদা মূল বেতনের ১ শতাংশ বা সর্বোচ্চ ৫০ টাকা নেওয়া হত, ১ শতাংশ ঠিক রেখে এখন সর্বোচ্চ ১৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
শফিউল জানান, যৌথ বিমার মাসিক সর্বোচ্চ প্রিমিয়াম শূন্য দশমিক ৭০ শতাংশ ও সর্বোচ্চ ৭০ টাকা ছিল, সেটাকে ১০০ টাকা করা হয়েছে।
এছাড়া সরকারি কর্মচারীদের মাসিক কল্যাণ ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা, সাধারণ চিকিৎসা অনুদান ২০ হাজার টাকার পরিবর্তে ৪০ হাজার টাকা, দাফনের অনুদান ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা এবং যৌথ বিমার এককালীন অনুদান এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
