শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ হাদীউজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচর হাদীউজ্জামান দীর্ঘদিন যশোর-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। এই মুক্তিযোদ্ধা তার সাদামাটা জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেন, “প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেছেন, শাহ হাদীউজ্জামান ছিলেন মাটি ও মানুষের নেতা। গণমানুষের জন্য তার ছিল অকৃত্রিম ভালবাসা। সাদামাটা জীবনের অধিকারী এ নেতা তার জীবন ও কর্মের মাধ্যমে মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবেন।”
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান শাহ হাদীউজ্জামান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, হাদীউজ্জামানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ হারালো একজন একনিষ্ঠ কর্মী এবং দেশ হারালো একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ।
শেখ হাসিনা এই ‘ত্যাগী’ রাজনীতিবিদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে আশরাফুল আলম জানান।
