শুল্কমুক্ত সুবিধার গাড়ি হস্তান্তর করল আইএলও
বাংলাদেশে দায়িত্ব পালন শেষে দেড় মাস আগে ঢাকা ছেড়ে যাওয়া এক কর্মকর্তার শুল্কমুক্ত সুবিধায় আনা একটি গাড়ি শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও।
রোববার দুপুরে গুলশান-১ নম্বরের আইএলও’র বাংলাদেশ কার্যালয় থেকে গাড়িটি কাকরাইলে শুল্ক গোয়েন্দা বিভাগের সদরদপ্তরে আনা হয় বলে বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান।
তিনি বলেন, টয়োটা সেডান মডেলের সাদা রঙের গাড়িটি ফ্রান্সিস দিলীপ বসন্ত ডি সিলভা নামের আইএলও’র বাংলাদেশ অফিসের সাবেক এক কর্মকর্তা ব্যবহার করতেন। ২০০৮ সালের ১৭ জুন থেকে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষজ্ঞ হিসেবে এখানে কর্মরত ছিলেন তিনি।
দায়িত্বের মেয়াদ শেষে আইএলও’র এই কর্মকর্তা বাংলাদেশ ছেড়ে গেলেও তার ব্যবহৃত কাস্টমস পাশ বুক ও গাড়িটি কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেননি বলে জানান মইনুল খান।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ির বিষয়ে শুল্ক গোয়েন্দারা সম্প্রতি অভিযান শুরু করায় আইএলও’র কান্ট্রি অফিস এই গাড়ি হস্তান্তর করেছে বলে ধারণা করছেন তিনি।
এই সংস্থারই বাংলাদেশ কার্যালয়ের সাবেক এক কর্মকর্তার শুল্কমুক্ত সুবিধায় আনা আরেকটি গাড়ি ডিসেম্বরে জব্দ করে শুল্ক গোয়েন্দারা।
