ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু
ঢাকায় বিজিবি সদর দপ্তরে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে।
এই বৈঠকে সীমান্তে হত্যা বন্ধ, মাদক পাচার ঠেকানোসহ নানা বিষয় আলোচনা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সকাল সাড়ে ৯টায় পিলখানার বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়।
সম্মেলনে বিএসএফ মহাপরিচালক কে কে শর্মার নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ২৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন।
এবারের সীমান্ত সম্মেলনে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণ কাজ, আখাউড়া আইসিপির ভারতীয় অংশে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট) স্থাপন, উভয় দেশের সীমান্তে নদীর তীর সংরক্ষণ কাজে সহায়তা নিয়েও আলোচনা হবে।
সম্মেলন শেষে যৌথ আলোচনার দলিল স্বাক্ষরিত হবে।
সীমান্ত সম্মেলন উপলক্ষে পারস্পরিক সুসম্পর্ক জোরদার ও সৌহার্দ বৃদ্ধির অংশ হিসেবে ভারতীয় প্রতিনিধি দল দেশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
বিএসএফ প্রতিনিধি দলটির সঙ্গে আসা বিএসএফ ওয়াইভস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সদস্যরা বিজিবি পরিচালিত সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
আগামী ২২ ফেব্রুয়ারি বিএসএফের প্রতিনিধি দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
