ঘুষ নেওয়ার সময় সিটি করপোরেশনের কর্মকর্তা গ্রেপ্তার
ঘুষের টাকা নেওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উপ-কর কর্মকর্তা তোফাজ্জল হোসেন জমাদ্দারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রাজধানীর কলাবাগান থানার নর্থ সার্কুলার রোডের ভুতেরগলির বাসিন্দা মোস্তফা মো. আলীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কর কর্মকর্তা মোস্তফা মো. আলীর নামে অধিক কর আরোপ করেন। পরে সেই কর কমানোর শর্তে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন তোফাজ্জল হোসেন।
এরপর এই ঘুষের টাকার মধ্যে ২০ হাজার টাকা গ্রহণের সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে জানান প্রণব কুমার।
“তোফাজ্জলের কাছে আরও এক লাখ ২ হাজার টাকা পাওয়া গেছে।”
কমিশনের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ১০ সদস্যর দল তাকে গ্রেপ্তার করে জানিয়ে তিনি বলেন, এই ঘটনায় কলাবাগান থানায় কমিশনের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াদুদ মামলা করেছেন।
