প্রধানমন্ত্রীর না চড়া বিমান বয়কট নয়: পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ার পর সরকার প্রধানের বিদেশ সফরে বাংলাদেশ বিমানকে ব্যবহার না করার ঘটনা ‘বয়কট’ নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে বৃহস্পতিবার ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী। এই সফরেও তার রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের উড়োজাহাজে না যাওয়ার প্রসঙ্গ ওঠে সেখানে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ওদিকে (জার্মানিতে) বিমানের এখন ফ্লাইট নেই। বিমানে যেতে হলে নরমাল একটা ফ্লাইটকে ডাইভার্ট করে ওদিকে নিয়ে যেতে হয়। অন্য ফ্লাইট বন্ধ করে দিতে হবে। এতে অনেক অসুবিধা হয়।
“যেখানে সহজেই বাণিজ্যিক ফ্লাইটে যাওয়া যায়, সেখানে আমরা বিমানে যেতে বলি না। কারণ (বিমানের) এত বেশি প্লেনতো নাই। আরও প্লেন আসছে, আসবে। সেগুলো এলে পরিস্থিতির পরিবর্তন হবে।”
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাত বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে।
এর পেছনে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিনটি তদন্ত কমিটি হয়। তদন্তের ভিত্তিতে বিমানের নয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ওই নয়জনসহ বিমানের মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনার পর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম বার্ষিক সভায় যোগ দিতে গত ১৫ জানুয়ারি ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে সুইজারল্যান্ডের ডাভোসে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে ফেরেন এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে।
