২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটের প্রসারে পাটের শাড়ি চাইলেন স্পিকার

পাটের প্রসারে প্রতিমন্ত্রী মির্জা আজমের কাছে পাটের শাড়ি উপহার চাইলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 10:20 PM

Updated : 11 Apr 2022, 11:00 PM

মঙ্গলবার জাতীয় সংসদে ‘পাট বিল-২০১৭’ পাসের প্রক্রিয়া চলাকালে স্পিকার পাটের প্রতি ‘ভালোবাসা সৃষ্টির’ জন্য পাটের তৈরি শাড়ি উপহার দিতে বলেন।

জবাবে আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবসের আগেই স্পিকারকে পাটের শাড়ি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।

বিল উত্থাপনকারী পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম পাটের বহুবিধ ব্যবহারের কথা সংসদে উল্লেখ করেন।

এ সময় স্পিকার প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “পাটের সুতার তৈরি শাড়ি আমরা পেলে পাটের প্রতি আমাদের আরও বেশি ভালোবাসা জন্ম নেবে।”

এরপর জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বিলের সংশোধনী প্রস্তাব দেওয়ার সময় স্পিকারের শাড়ি উপহার চাওয়ার প্রসঙ্গ তোলেন।

এ সময় প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি আশা করব- আগামী ‘ভালোবাসা দিবসে’ আমাদের প্রতিমন্ত্রী মহোদয় মাননীয় স্পিকারকে একটি লাল শাড়ি উপহার দেবেন।”

মঙ্গলবার ভ্যালেন্টাইনস ডে’ তে স্পিকারসহ বেশিরভাগ নারী সংসদ সদস্য লাল শাড়ি পরে সংসদের বৈঠকে অংশ নেন।

পরে বিলের ওপর আলোচনার সময় প্রতিমন্ত্রী মির্জা আজম শাড়ি প্রসঙ্গে বলেন, “আপনারা পাটের শাড়ির কথা বলেছেন। আমরা বিজেএমসি (বাংলাদেশ জুট মিল করপোরেশন) থেকে একটি কম্পোজিট মিল স্থাপনের উদ্যোগ নিয়েছি। ওই মিল চালু হওয়ার পর সেখান থেকে প্রথমে যে শাড়ি তৈরি করা হবে সেটা আপনাদের (সংসদ সদস্য) দেওয়া হবে।”

এ সময় স্পিকারের শাড়ি নিয়ে তিনি বলেন, “আমরা ৬ মার্চকে জাতীয় পাট দিবস ঘোষণা করেছি। এবার প্রথমবারের মতো পাট দিবস পালিত হবে। এই উপলক্ষে আমরা নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছি। এই জাতীয় পাট দিবস পালনের আগেই আমরা মাননীয় স্পিকারকে পাটের শাড়ি উপহার দেব।”

এসময় প্রতিমন্ত্রীর পেছন থেকে নারী সংসদ সদস্যরা সমস্বরে বলে ওঠেন, ‘সবাইকে দিতে হবে।”