এক মলাটে ইসলাম-নারী-জঙ্গিবাদ নিয়ে নানা প্রশ্নের জবাব
ধর্মের নামে যখন বিশ্বজুড়ে ছড়ানো হচ্ছে সন্ত্রাসবাদ, সেই সময়ে ইসলাম ও জঙ্গিবাদ নিয়ে নানা প্রশ্নের জবাব এক মলাটে এনেছে বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড (বিপিএল)।
মঙ্গলবার অমর একুশে বইমেলায় আসা এই বইয়ে ইসলাম সম্পর্কে আলোচিত সব প্রশ্নের জবাব দিয়েছেন উপমহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত ‘শোলাকিয়া’র গ্রান্ড ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।
‘ইসলাম কার সাধারণ মুসলিম না আতঙ্ক সৃষ্টিকারী জঙ্গিদের? পরিবর্তনশীল বিশ্ব রাজনীতির গোলকধাঁধায় ‘শান্তির ধর্ম ইসলাম’ কতটুকু প্রাসঙ্গিক? নিস, ইস্তাম্বুল কিংবা ঢাকার গুলশানে নিরীহ মানুষ হত্যা করে কী অর্জন করতে চায় জঙ্গিরা?
কিসের আশায় নিজেদের চলন্ত মানববোমায় পরিণত করছে অসংখ্য তরুণ? নাকি জঙ্গিবাদ স্রেফ পশ্চিমা গণমাধ্যমের তৈরি নতুন এক প্রহেলিকা?’-এসব প্রশ্নের জবাব খোঁজা হয়েছে এই বইতে।
‘জিহাদ’, ‘ইসলাম ও অন্য ধর্মের সহাবস্থান’, ‘ইসলাম ও ইসলামী গোষ্ঠীসমূহ’, ‘আইন’, ‘নারী’, ‘ইসলাম ও উপমহাদেশ’ এবং ‘শিক্ষা ব্যবস্থা’-এই ছয়টি অধ্যায়ে সাজানো হয়েছে বইটি।
বইয়ের সূচনায় ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, “সন্ত্রাস ও উগ্রবাদের আস্ফালন চলছে বিশ্বজুড়ে। এটি বৈশ্বিক সমস্যা সন্দেহ নেই। প্রচারণার প্রাধান্যে অনেকক্ষেত্রেই এটি প্রতীয়মান হয় যে, সন্ত্রাসী ও ও উগ্রবাদীরা নিজেদের অপরাধ আড়াল করতে ইসলামকে সামনে রেখে তার আশ্রয়ে রক্ষা পেতে চাইছে।
“এমনি এক পরিপ্রেক্ষিতে এই গ্রন্থের অবতারণা; শান্তি ও মানবতার ধর্ম ইসলামের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দিতে, ইসলামের সুস্পষ্ট ও মৌলিক রূপটি তুলে ধরতে।”
বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গনে পুকুর পাড়ের উত্তর পাশে বিপিএলের স্টলে (৬৫ ও ৬৬ নম্বর স্টল) বইটি পাওয়া যাচ্ছে। এর দাম ধরা হয়েছে ২০০ টাকা।
বইয়ের প্রাক কথনে বলা হয়, ইসলাম আসলে কী রকম, জীবনাচরণে স্বাতন্ত্র্য কি ইসলামকে সভ্যতার মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করেছে? যদি করেও থাকে তার কারণ কি শুধুই রাজনৈতিক? নাকি সত্যিই ইসলাম অন্য ধর্মের সঙ্গে সহাবস্থানের ক্ষেত্রে অসহিষ্ণু? সাংস্কৃতিক সহাবস্থান নিশ্চিত না হলে এর রাজনৈতিক যে রূপ দাঁড়ায় তার নাম বৈরিতা।
‘ইসলাম কি তবে অন্য ধর্মের প্রতি বৈরী? আমরা বিষয়টি প্রশ্নাকারে উত্থাপন করলেও জনমানসে সেনি অনেক ক্ষেত্রেই আর প্রশ্নের রূপে নেই। বিশেষ করে ইসলামের একটি ছাঁচ তৈরি করেছে পশ্চিম। মুখবন্ধ হিজাব ইসলামের প্রতীকী পরিচয় হয়ে দাঁড়িয়েছে।
‘মিশরের মুসলিম ব্রাদারহুড, পাকিস্তানের জামায়াতে ইসলামী প্রভৃতির তথাকথিত জিহাদের প্রস্তুতি মুসলিমদের হিজাবের স্টিরিওটাইপের সঙ্গে রক্তাক্ত তলোয়ারও যুক্ত করে দেয়।
‘প্রকাশ্যে-অন্তরালে গড়ে ওঠা ইসলামের নামে জঙ্গিবাদ ক্রমেই চরমভাবাপন্ন হয়ে ওঠা বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার নাম এখন। নিজেদের মতাদর্শকে সহীহ ইসলামী দাবি করে বিস্তার লাভকারী এই সন্ত্রাসবাদের ঠিকুজির সন্ধান করেছি আমরা।
