২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবুল হোসেনকে রিমান্ডে নিতেও চাপ ছিল বিশ্ব ব‌্যাংকের: আনিসুল হক

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কোনো তথ‌্য প্রমাণ দিতে না পারলেও তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মামলায় আসামি করিয়ে রিমান্ডে নিতে বিশ্ব ব‌্যাংকের চাপ ছিল বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2017, 07:42 PM

Updated : 19 Aug 2022, 03:45 PM

কানাডার আদালতের রায়ে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ খারিজ হওয়ার পর মঙ্গলবার ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘মিট‌ দ‌্য প্রেস’ অনুষ্ঠানে এই তথ‌্য জানান আনিসুল হক, যিনি ওই সময় দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী হিসেবে কাজ করছিলেন।

দুর্নীতি দমন কমিশনের কাছে থাকা কানাডার ওই মামলার নথিপত্র উন্মুক্ত করে দিতে কমিশনের প্রতি আহ্বানও জানান তিনি।

পদ্মায় ৬ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণে ঋণ দিতে বিশ্ব ব‌্যাংক চুক্তিবদ্ধ হলেও দুর্নীতির অভিযোগ তুলে সরে যায়। পরে তাদের শর্তে সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিত্ব ছাড়তে হয়; দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে মামলা হলেও আবুল হোসেনকে আসামি করা হয়নি।

এরপর বিশ্ব ব‌্যাংক ফিরলেও দুর্নীতির অভিযোগ তদন্ত নিয়ে সরকারের সঙ্গে ফের মনকষাকষি তৈরি হয়। ২০১১ সাল থেকে একের পর এক জটিলতার পর ২০১৩ সালে বিশ্ব ব‌্যাংককে বাদ দিয়ে প্রকল্প এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

ওই সময়ে দুদকের আইনজীবী হিসেবে বিষয়টি ভেতর থেকে দেখা আনিসুল হক বলেন, ২০১২ সালে একটি সংবাদপত্রে খবর আসে যে ‘পদ্মা সেতুর সুপারভিশন কন্ট্রাক্টের দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে’। তখন দুদক নিজ উদ্যোগে আইন অনুসারে অনুসন্ধানের উদ্যোগ নেয়।

“সেই সময় বিশ্ব ব্যাংক বললো, আমাদের কাছে তথ্য উপাত্ত আছে, আমরা দেব, তোমরা একটা মামলা করে দাও।”

অভিযোগ করা হয়েছিল, প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের কাজটি কানাডার একটি কোম্পানিতে দিতে ঘুষ লেনদেনের ষড়যন্ত্র হয়েছে এবং এতে তখনকার যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, সচিবসহ বেশ কয়েকজন কর্মকর্তা জড়িত।

আনিসুল হক বলেন, এক পর্যায়ে বিশ্ব ব্যাংক দুদকের পরিবর্তে তাদের লোক দিয়ে তদন্ত করতে আগ্রহের কথা জানায়। কিন্তু বাংলাদেশের আইনে সে সুযোগ নেই বলে তাদের জানিয়ে দেওয়া হয়েছিল।

“আমরা বলেছি, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। আমরা ১ দশমিক ২ বিলিয়ন ডলারের জন্য ৩০ লাখ শহীদের রক্তে গড়া স্বাধীনতাকে কারও হাতে তুলে দেব না। তখন তাদের পক্ষ থেকে টাকা না দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।”

সরকারের অনমনীয় অবস্থান দেখে বিশ্ব ব‌্যাংক দুদকের তদন্ত দলের সঙ্গে তাদের সার্বক্ষণিক একটা টিম রাখার প্রস্তাব দিয়েছিল।

আনিসুল হক বলেন, “আমরা বলি, আপনারা একজন তদবিরকারী দিতে পারেন, যাকে সময়ে সময়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হবে। এরপরই তাদের তিন সদস্যের একটা বিশেষজ্ঞ দল আসে। তাদের একজন ওকাম্পো।”

২০১৩ সালের ডিসেম্বরে এক সভায় বিশ্ব ব‌্যাংক কর্মকর্তারা সৈয়দ আবুল হোসেনকে আসামি করতে চাপ দিয়েছিলেন বলে আনিসুল হক জানান।

Image
সৈয়দ আবুল হোসেন এখন প্রশ্ন তুলেছেন তার বিরুদ্ধে অভিযোগকারীদের নিয়ে

সৈয়দ আবুল হোসেন এখন প্রশ্ন তুলেছেন তার বিরুদ্ধে অভিযোগকারীদের নিয়ে

“তথ্য-উপাত্ত না পেলে কীভাবে আসামি করব- এ প্রশ্ন রাখা হলে তারা বললেন, না তার নাম দিতে হবে। একজন এই পর্যন্তও বললেন, এফআইআরে তার নাম দিয়ে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে সব বের হয়ে যাবে।”

“ওকাম্পোকে জিজ্ঞেস করলাম, দুদককে যে সব কাগজপত্র দিয়েছেন, তার বাইরে আপনাদের কাছে কিছু আছে কি না? উনারা বললেন, না।”

ওই নথিপত্রে আবুল হোসেনের সম্পৃক্ততার কোনো প্রমাণ ছিল না জানিয়ে আনিসুল হক বলেন, “বিদ্যমান দলিলে আমরা কেবল দেখছি, মন্ত্রী আবুল হোসেনের সাথে এই কোম্পানির চারজন গিয়ে দেখা করেছিলেন। এটুকু ছাড়া আর কোনো কথা নাই। তাকে টাকা দেওয়ার বিষয়ে আলাপ হয়েছে, সেটাও নাই। তাকে আসামি করব কীভাবে? তখন একজন রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি তাকে চেনো, সে কি তোমার আত্মীয়?”

ওই বৈঠকের পরই বিশ্ব ব‌্যাংক কর্মকর্তারা ‘অত্যন্ত ক্ষুব্ধ’ হয়ে ফিরে যান বলে আনিসুল হক জানান।

তিনি বলেন, “সেই ওকাম্পোর বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে।”

আর্জেন্টিনার নাগরিক লুই গাব্রিয়েল মরেনো ওকাম্পো ইন্টারন‌্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটার ছিলেন। বিশ্ব ব‌্যাংকের পরামর্শক হিসেবে বাংলাদেশে এসেছিলেন তিনি।

বাংলাদেশে কানাডার কোম্পানি এসএনসি লাভালিনের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ শোনার পর ওই দেশের আদালতেও একটি মামলা হয়েছিল।

গত শুক্রবার কানাডার আদালতের দেওয়া রায়ে ওই অভিযোগটিতে ‘গালগল্প’ বলে উড়িয়ে দিয়ে অভিযুক্ত সবাইকে খালাস দেওয়া হয়।

তাদের ওই মামলার প্রাথমিক শুনানি, সাক্ষীদের সাক্ষ্য, রাজসাক্ষীর সাক্ষ্য কোথাও তৎকালীন মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, উপদেষ্টা মসিউর রহমান ও যোগাযোগ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞার নাম নেই বলে জানান বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী আনিসুল হক।

এরপর তিনি দুদকের হাতে থাকা ওই মামলার নথি উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান।

ল রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদারও উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

আমাকে হেনস্তা করে কী পেলেন: আবুল হোসেন