‘স্বৈরাচার প্রতিরোধ দিবসে' পাঠ্যবইয়ে সাম্প্রদায়িকতা প্রতিরোধের ডাক
এরশাদবিরোধী আন্দোলনে ১৯৮৩-র ফেব্রুয়ারিতে নিহত ছাত্রদের স্মরণে নির্মিত প্রতিকৃতিতে ফুল দিয়ে পাঠ্যবইয়ে সাম্প্রদায়িকতা প্রতিরোধের ডাক দিয়েছেন সাবেক ও বর্তমান ছাত্রনেতারা।
মঙ্গলবার সকালে রাজধানীর হাইকোর্ট মোড়ের শিক্ষা অধিকার চত্বরে শিক্ষার প্রতিটি ধাপে সাম্প্রদায়িকতার উৎস খুঁজে বের করে তা অপসারণে তীব্র আন্দোলন গড়ে তোলারও অঙ্গীকার করেন তারা।
১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন এরশাদ সরকারের আমলে তার শিক্ষামন্ত্রী মজিদ খানের সাম্প্রদায়িক শিক্ষানীতির বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে পুলিশ গুলি চালালে মোজাম্মেল, জয়নাল, দীপালী সাহা, কাঞ্চনসহজন কয়েকজন শিক্ষার্থী নিহত হন।
সেই থেকে দিনটিকে ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করে আসছে বিভিন্ন ছাত্র সংগঠন।
প্রতিবছরের মত এবারও সকাল ৮টায় শিক্ষা অধিকার চত্বরে ফুল দিয়ে শহীদ ছাত্রদের স্মরণ করে ৮৩ স্মৃতিসংরক্ষণ পরিষদ। এরপর একে একে শ্রদ্ধা জানায় প্রগতিশীল ছাত্র জোট, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), বিপ্লবী ছাত্র মৈত্রীসহ বিভিন্ন ছাত্র সংগঠন।
ফুল দেয়ার পর এক মিনিট নীরবতা পালন করে নিহত সহযোদ্ধাদের স্মরণ করেন সেসময়ে আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক কর্মীরাও।
পরে শিক্ষা অধিকার চত্বরেই এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়নের তৎকালীন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বলেন, মজিদ খানের সাম্প্রদায়িক শিক্ষানীতিবিরোধী আন্দোলনের মতো পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও সোচ্চার হতে হবে।
“মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শিক্ষানীতির বিরুদ্ধ্বে রুখে দাঁড়িয়ে আমরা বিজয়ী হয়েছিলাম। আজ সেই বিজয়ী জাতির ওপর পুনরায় সাম্প্রদায়িক ভেদবিভেদের শিক্ষানীতি চাপিয়ে দেওয়া হচ্ছে।”
এই শিক্ষানীতির মাধ্যমে সাম্প্রদায়িক শক্তি মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ‘চারদিক থেকে ঘিরে ফেলছে’ বলেও মন্তব্য করেন তিনি।
“যুদ্ধাপরাধী চক্রের বিচার হয়েছে, হচ্ছে- আমরা খুশি, আমরা আনন্দিত। যুদ্ধাপরাধী দল আর তাদের মদদদানকারীরা ক্ষমতায় নেই- আমরা খুশি। ২১ অগাস্টের গ্রেনেড হামলাকারীরা ক্ষমতায় নেই- আমরা খুশি। অথচ আজ সেই শিক্ষানীতি চাপিয়ে দেয়া হচ্ছে; এভাবেই নীরব ঘাতকরা হত্যা করতে আসছে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে।”
শিক্ষার্থীদের হাতে এখন যেসব পাঠ্যবই আছে সেগুলোকে ‘পশ্চাৎপদ’ অ্যাখ্যা দিয়ে সাবেক এ ছাত্রনেতা বলেন, এই ধরনের অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি স্বাধীনতার পর আর আসেনি।
এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে গণতান্ত্রিক ও প্রগতিশীল গোষ্ঠী, রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
“যে কোনো উপায়ে হোক, যেকোনো পন্থায় হোক, সর্বশক্তি নিয়োগ করে আজকের এই অন্ধকারের শক্তিকে রুখে দিতে হবে,” বলেন তিনি।
জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, শিক্ষানীতির ওই আন্দোলনকে কোনো দিন ভুলে যাওয়া সম্ভব হবে না।
সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, স্বৈরাচার প্রতিরোধ দিবসকে সুকৌশলে ভুলিয়ে দিতেই ‘ভালোবাসা দিবসের’ আমদানি করেন শফিক রেহমান।
“তিনি লাল গোলাপ টক-শো আর ভালোবাসা দিবসের প্রচলন করে ঐতিহাসিক এ দিনটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন।”
তরুণ প্রজন্ম পাঠ্যবইয়ে সাম্প্রদায়িকতা এবং শিক্ষার অধিকার আদায়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলেও আশাবাদ জানান তিনি।
