২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফারি পার্কে হামলার বিচার দাবি ঢাবির শিক্ষক-শিক্ষার্থীদের

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে সহকর্মী-সহপাঠিদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে এতে জড়িতদের শাস্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2017, 10:34 PM

Updated : 11 Apr 2022, 10:59 PM

সোমবার সকাল ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন থেকে এই দাবি জানান তারা। এই কর্মসূচিতে পাচঁ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা ওই পার্কে শিক্ষা সফরে গিয়ে স্থানীয় ইজারাদারের লোকের হামলার শিকার হন। এতে শিক্ষকসহ ২০ জন আহত হন।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলা চালিয়ে তারা যদি পার পেয়ে যায়, তাহলে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান উপর তারা কী ধরনের আচরণ করে, সেটা আমাদের প্রশ্ন। তাই এই ঘটনার সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।”

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্লাহ বলেন, “সরকারের সুনামকে ক্ষুণ্ণ করতে রাজনৈতিক পরিচয় ধারণ করে পার্ক ইজারা নিয়ে দেশের সাধারণ মানুষের ওপর হামলা করেই চলছে তারা। সরকারকে বলব, তাদের এমন শাস্তি দেওয়া হোক, যাতে রাজনৈতিক পরিচয়ে আর হামলা করার সাহস না পায়।”

স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল হামিদ বলেন, “শিক্ষা সফরে গিয়ে এই ঘটনা দেখে আমি স্তব্ধ। ইজরাদার আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের মারধর করে। পরে তারা বলে- তোরা কীভাবে যাবি দেখব!

“সরকারদলীয় পরিচয় দিয়ে ইজারাদাররা হামলা চালিয়েছে, তারা সরকারের সুনাম ক্ষুণ্ন করছে। তাদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।”