৩৪ শতাংশ কিশোরী যৌন নির্যাতনের শিকার
দেশের ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীর মধ্যে শতকরা ৩৪ দশমিক ২ শতাংশ যৌন নির্যাতনের শিকার বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
বিকাল পৌনে ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
আওয়ামী লীগের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ভায়োলেন্স এগেইনস্ট উইমেন সার্ভে-২০১৫ এর উদ্বৃতি দিয়ে প্রতিমন্ত্রী জানান, শতকরা ৩০ দশমিক ৯ ভাগ কিশোরী জীবনে কোনো না কোনো সময় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে মেহের আফরোজ বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার স্থাপন করা হয়েছে।
টোলফ্রি হেল্পলাইন ১০৯২১ নম্বরে ফোন করে নির্যাতনের শিকার নারী ও শিশু, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট সবাই প্রয়োজনীয় তথ্য, পরামর্শসহ দেশে বিরাজমান সেবা ও সহায়তা সম্পর্কে জনতে পারে। ২০১৭ সাল থেকে হেল্পলাইন নম্বরটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকের কভারে সন্নিবেশ করা হয়েছে।
অতিঝুঁকিপূর্ণ সেতু ৫৬৬টি
এক প্রশ্নে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সড়ক ও জনপথের আওতাধীন মহাসড়কে বর্তমানে ‘অতিঝুঁকিপূর্ণ’ ৫৬৬টি সেতু রয়েছে। অতিঝুঁকিপূর্ণ ও ঝুকিপূর্ণ ১১৮টি সেতু পুন:নির্মাণ করা হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা সেতুর অগ্রগতি সন্তোষজনক। জানুয়ারি ২০১৭ পর্যন্ত এ প্রকল্পের ৪০ শতাংশ ভৌত কাজ সম্পাদিত হয়েছে।
সারাদেশে নিবন্ধিত যনবাহনের সংখ্যা ২৮ লাখ ৯৫ হাজার ৬৬৫টি; এর মধ্যে মোটরসাইকেল ১৭ লাখ ২৬ হাজার ৯৯৪টি বলে আরেকটি প্রশ্নে জানান মন্ত্রী ওবায়দুল কাদের।
মেহের আফরোজ চুমকি (ফাইল ছবি)
সড়ক পরিবহন মন্ত্রী জানান, জাতীয় মহাসড়কের মোট ২২৭টি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত (ব্লাক স্পট) করা হয়েছে। এসবের মধ্যে ২৭টি স্থানে ইতোমধ্যে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্পের আওতায় বাকিগুলোর প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া চলমান রয়েছে।
মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে গত দুই বছরে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক স্লোগান সম্বলিত বিভিন্ন প্রকার ৮ লাখ ২৫ হাজার লিফলেট ও ১২ লাখ ২৪ হাজার স্টিকার/পোস্টার বিতরণ করা হয়েছে।
এক প্রশ্নে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, রেলওয়ের ৪০ হাজার ২৬৪টি পদের মধ্যে ১৩ হাজার ৬১১টি শূণ্য রয়েছে। শূণ্য পদের মধ্যে প্রথম শ্রেণির ১৪২টি, দ্বিতীয় শ্রেণির ৫৮৩টি, তৃতীয় শ্রেণির ৭ হাজার ৯৩৭টি এবং চতুর্থ শ্রেণির ৪ হাজার ৯৪৯টি। শূণ্য পদের মধ্যে বর্তমানে ২ হাজার ৫৯টি পদে নিয়োগ চলমান রয়েছে।
অন্য একে প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ রেলওয়েরর অব্যবহৃত ভূমির পরিমাণ ১০ হাজার ৬৯৩ দশমিক ২৯ একর।
মন্ত্রী বলেন, “রেলওয়ের উন্নয়ন বিষয়ক সভায় অব্যবহৃত ভূমিসমূহে পিপিপির আওতায় আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ, ৫ তারকা হোটেল-কাম-বাণিজ্যিক ভবন, মোটেল, বহুতল শপিং মল-কাম-গেস্ট হাউস ইত্যাদি নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে।
“এর অংশ হিসেবে চট্টগ্রামের জাকির হোসেন রোডে ৫ তারকা হোটেল, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় শপিং কমপ্লেক্স-কাম-গেস্ট হাউস এবং ঢাকা ও চট্টগ্রামে আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের কাজ চলমান রয়েছে।”
আরেক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, “বাংলাদেশ রেলওয়েতে মোট ৪৫৯টি স্টেশন রয়েছে। লোকবলের অভাবে ১৩৮টি স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে।”
মন্ত্রী আরও জানান, গত সাত বছরে ৬৯২ দশমিক ৩৫ একর রেলভূমি অবৈধ দখল মুক্ত করা হয়েছে।
