প্রধানমন্ত্রীর সই জালিয়াতি: গ্রেপ্তার নারী রিমান্ডে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই জালিয়াতি করে তদবিরের অভিযোগে গ্রেপ্তার নারীকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিন হেফাজতে নিয়েছে পুলিশ।
হাছিনা বেগম নামে ওই নারীকে রোববার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আটক করে পুলিশে তুলে দিয়েছিল। তিনি নিজেকে গণভবনের বাবুর্চি পরিচয় দিয়েছিল, যাও ভুয়া ছিল।
হাছিনার বিরুদ্ধে জালিয়াতির মামলার পর সোমবার তাকে ঢাকা মহানগর হাকিমের আদালতে নিয়ে হেফাজতের আবেদন জানায় পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার এসআই আব্দুল মালেক বলেন, তার সহযোগীদের গ্রেপ্তারের লক্ষ্যে এবং সংঘবদ্ধ জালিয়াত চক্রের মূল হোতাদের চিহ্নিত করতে এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী শফিকুল ইসলামসহ অন্যরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান।
শফিকুল বলেন, হাছিনা বেগম পরিস্থিতির শিকার। তিনি একজন বয়স্ক অসুস্থ মহিলা। পূর্বশত্রুতার জেরে তাকে সম্পৃক্ত করা হয়েছে।
উভয় পক্ষের শুনানি শেষে হাকিম মুহাম্মদ মাজহারুল ইসলাম দুদিন হেফাজতের আদেশ দেন বলে ওই আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কমৃকর্তা এসআই আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোটায় এক ছাত্রীকে ভর্তির সুপারিশ করতে এসে ধরা পড়েন হাছিনা বেগম।
