২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিএমপি ডাটাবেইজে ৬০ লাখ নগরবাসীর তথ্য’

‘ভাড়াটিয়া তথ্য ফরম’ বিতরণের পর এ পর্যন্ত প্রায় ৬০ লাখ নগরবাসীর তথ্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডাটাবেইজে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2017, 06:16 PM

Updated : 19 Aug 2022, 03:45 PM

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানে তিনি বলেন, “এই পর্যন্ত ২২ লাখ ভাটাটিয়া তথ্য ফরম নগরবাসীর কাছে বিরতণ করা হয়েছে। তার মধ্যে ১২ লাখ ফরমের তথ্য সার্ভারে সংগ্রহ করা হয়েছে।

“যদি একটি ফরমে অন্তত পাঁচজন করে ধরা হয়, তাহলে প্রায় ৬০ লাখ নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে।”

ঢাকা মহানগরে দুই কোটির বেশি নাগরিক রয়েছে ধারণার কথা প্রকাশ করে পর্যায়ক্রমে বাকিদের তথ্যও সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) নামের ওই ডাটাবেইজে অন্তর্ভুক্ত করা হবে বলে ডিএমপি কমিশনার জানান।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের নিয়ে ‘অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজের ভূমিকা’ শীর্ষক সংলাপ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’।

অনুষ্ঠানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেন।

অনুষ্ঠানে নওশিনা নামে এক বিতার্কিক জঙ্গিবাদ প্রতিরোধে দীর্ঘমেয়াদী কী পদক্ষেপ ডিএমপি নিয়েছে তা ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার কাছে জানতে চান।

জবাবে কমিশনার বলেন, “এই মুহূর্তে বাংলাদেশের জঙ্গিবাদকে আমরা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। তবে এটিকে একেবারে নিশ্চিন্ন করতে হলে আমাদের আরো অনেক কাজ করতে হবে, আরো অনেক সময় লাগবে।

“এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি।”

পুলিশের বিরুদ্ধে নাগরিক হয়রানির অভিযোগে কী ব্যবস্থা নেন- এক বিতার্কিকের এমন প্রশ্নের জবাবে ডিএমপিতে প্রতিবছর ৪০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে জানান আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, “অনেক সীমাবদ্ধতার সঙ্গে পুলিশ পেশাদারিত্ব নিয়ে কাজ করে থাকে। পুলিশের দ্বারা যদি কোনো নাগরিক হয়রানির শিকার হয় বা পুলিশ আইন বর্হিভূত কোনো কাজ যদি করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

“এখানে ভালো কাজের জন্য পুরস্কার আর বেআইনি কাজের জন্য শাস্তি রয়েছে।”

বন্যা নামে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী সাইবার অপরাধ নিয়ে জানতে চাইলে কাউন্টার টেরোরিজম ইউনিটে সাইবার ক্রাইম ইউনিট রয়েছে জানিয়ে কেউ এই ধরনের অপরাধের শিকার হলে তাকে সংশ্লিষ্ট থানায় অথবা এই ইউনিটে যোগযোগ করতে বলেন ডিএমপি কমিশনার।

ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় গড়ে উঠা কিশোরদের ‘গ্যাং’ সম্পর্কেও প্রশ্নের মুখোমুখি হন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, “সামাজিক সচেতনার বৃদ্ধি এবং অভিভাবকের সন্তানের কৃতকর্মের প্রতি দৃষ্টি দিলে এই থেকে অনেকাংশে লাগব পাওয়া যাবে।”

উত্তরার ঘটনার পর কোনো মহল্লায় তরুণ বা কিশোরদের একসঙ্গে জড়ো হতে বা কোথাও মোটরসাইকেল রেস হতে দেখলে এখন পুলিশ তাদেরকে আটক করে জানিয়ে আছাদুজ্জামান বলেন, “ওই সব তরুণদের অভিভাবককে ডেকে এনে মুচলেকা নেয় পুলিশ।”

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মিজানুর রহমান, কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিশন বক্তব্য রাখেন।