জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা গ্রেপ্তার
কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টচার্য্য জানান।
গ্রেপ্তাররা হলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এ এইচ এম তাওহিদুজ্জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জেল হোসাইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রণব জানান, ২০১২ সালে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দায়ের করা একটি দুর্নীতি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
বিকালে তিনজনকে ঢাকার আদালতে নিয়ে যান দুদক কর্মকর্তারা। তাদের পক্ষে জামিন চাওয়া হলে মঙ্গলবার শুনানির দিন রেখে তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী।
ওই মামলায় অভিযোগ করা হয়েছে, সরকারের নিষেধাজ্ঞার পরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘গণনিয়োগ’ পাওয়া ১৬৯ জন কর্মচারীকে অবৈধভাবে সিলেকশন গ্রেড দিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাত করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।
আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠালে সহকারী পরিচালক ফজলুল বারী এর দায়িত্ব পান। তদন্তের অংশ হিসেবে সোমবার ভোরে ওই তিনজনকে গ্রেপ্তার করে পরে তাদের আদালতে পাঠানো হয় বলে উপ-পরিচালক প্রণব জানান।
