‘মানসম্পন্ন’ বই প্রকাশের তাগাদা সংস্কৃতিমন্ত্রীর
সংখ্যার বিবেচনায় না গিয়ে ‘মানসম্মত’ বই প্রকাশের দিকে নজর দিতে প্রকাশকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
রোববার এক অনুষ্ঠানে এসে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বইয়ের মান নিয়ে বরাবরই নানা প্রশ্ন উঠে আসছে। প্রকাশকরা এ ব্যাপারে যত্নশীল হলে এমন প্রশ্ন উঠত না। পাঠকের কথা মাথায় রেখে তাদের আরও বেশি সচেতন হওয়া উচিত।
“মানহীন বইগুলোর বিষয়ে কঠোর পদক্ষেপ নিলে তাতে সংস্কৃতি মন্ত্রণালয় উল্টো নানা সমালোচনার মুখে পড়ে। এ ব্যাপারে তাই প্রকাশকদের কাছেই অনুরোধ থাকবে, তারা যেন একটু সতর্ক থাকেন।”
প্রকাশক, লেখক ও পাঠকদের মতো তিনিও মেলার নানা অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ফোয়ারা সংযোজন নিয়েও ভিন্ন মত রয়েছে তার।
“এর কি আদৌ কোনো প্রয়োজন আছে?” বলেন তিনি।
কাজ শুরু করেছে ‘বিশেষ টাস্কফোর্স’
বইমেলার নীতিমালা লংঘনকারীদের ধরতে সাত সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বাংলা একাডেমি। এই কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর (ফাইল ছবি)
কমিটির কার্যক্রম নিয়ে সদস্য সচিব তপন বাগচী বলেন, “নীতিমালার ১৩, ১৪ ও ১৫ নম্বর ধারা নিয়ে আমরা কাজ করব। মেলাতে নীতিমালা ভঙ্গ করেই চলেছে প্রকাশকরা। এই কমিটি হওয়ার আগে বাংলা একাডেমির পক্ষ থেকেও আমরা পরিদর্শনে গিয়েছিলাম। নীতিমালা ভাঙ্গা প্রকাশকদের তালিকা করব আমরা। তারপর তাদের শাস্তির ব্যব্স্থা হবে।”
মেলায় একাধিক প্রকাশনী পাইরেটেড বই ও নির্ধারিত কমিশনের বাইরে গিয়ে বিক্রিতে ছাড় দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ার কথাও জানালেন বাংলা একাডেমির এই উপপরিচালক।
সন্ধ্যায় টাস্কফোর্স কমিটির সঙ্গে বৈঠকে বসেছিল বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নেতারা। মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় বলে জানান তাদের প্রতিনিধি গফুর হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলার বেশ কিছু দিক নিয়ে আমাদের আলোচনা হয়েছে। বৈঠক ফলপ্রসূ হয়েছে। তাছাড়া আলোকস্বল্পতা, বই প্রবেশ নিয়ে এখনও যে জটিলতাগুলো আছে, তা সমাধান করা হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি।”
‘দর্শক প্রচুর, ক্রেতা কম’
মেলায় পাঠকের আনাগোনা থাকলেও বিক্রি তেমন হচ্ছে না বলে জানান অনিন্দ্য প্রকাশের মালিক আফজাল হোসেন।
তিনি বলেন, “মেলায় দর্শক যতটা আসছে, তাদের অধিকাংশই কিন্তু বই কিনছে না। হুজুগে মেলায় এসে বই নেড়েচেড়ে দেখছে, চলে যাচ্ছে। কেউ ক্যাটালগ নিচ্ছে। এ বই ও বই খুঁজছে। যারা কিনছে তারা সেই হুমায়ুন আহমেদ ও জাফর ইকবালে আটকে আছেন।”
চারুলিপি প্রকাশনের হুমায়ূন কবীর বলেন, “মেলায় যারা বৈচিত্র্যের খোঁজ করছেন, তারা মধ্যবয়সী পাঠক। বাকিরা সব একই লেখকের বই খোঁজে।”
এই দুই প্রকাশকই মনে করছেন, ভালেবাসা দিবসেই ভোল পাল্টাবে মেলার। প্রিয়জনকে প্রিয় বই উপহার দিতে আসা পাঠক আরও বেশি বৈচিত্র্যের খোঁজ করবেন। নতুন লেখকদের বইও বিক্রি হবে ভালো।
এল ৯৬টি নতুন বই
দ্বাদশ দিনে মেলায় এসেছে ৯৬টি নতুন বই, যার ৩১টির মোড়ক উন্মোচন হয়েছে মঞ্চে।
নতুন আসা বইগুলোর মধ্যে গল্প ৮টি, উপন্যাস ২০টি, প্রবন্ধ ৩টি, কবিতা ৩৫টি, শিশুসাহিত্য ৭টি, নাটক ১টি, ভ্রমণ ৩টি, ইতিহাস ১টি, রাজনীতি ১টি, রম্য/ধাঁধা বিষয়ক ১টি, অনুবাদ ১টি, অন্যান্য বিষয়ে ১৫টি বই।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ‘একাত্তরের যুদ্ধ ও জাতীয়তাবাদের পরীক্ষা’ প্রবন্ধ গ্রন্থটি এনেছে মুক্তধারা, মহিবুল আলমের প্রবন্ধ ‘তালপাথার পুঁথি’ এনেছে শোভাপ্রকাশ, সৈয়দা উম্মে হাবীবার ‘জাদুর তলোয়ার’ এনেছে পাঞ্জেরী প্রকাশনী, তাপস চন্দ্র হালদারের কাব্যগ্রন্থ ‘অঙ্গরাগ’ এনেছে সাম্প্রতিক প্রকাশনী, পিনাকী দাশগুপ্তের উপন্যাস ‘শরণার্থী ক্যাম্পের দিনগুলো’ এনেছে দেশ পাবলিকেশন্স, আহমেদ পাবলিকেশন্স এনেছে পূজা মিত্রের পাঠ্যসহায়ক ‘বৈষ্ণব পদাবলী নারীবাস বিক্ষণ’। নালন্দা থেকে এসেছে রেক্স স্টাউটের ‘দ্য গান উইথ উইংস’ এবং হিন ডালরেন্সের ‘কম্পোজিশন ফর ফোর হ্যান্ডস’ –উপন্যাস দুটির অনুবাদ। বিধান রিবেরুর লেখা চলচ্চিত্র বিষয়ক বই ‘উসমান সেমবেনের চলচ্চিত্র’ এনেছে কথাপ্রকাশ।‘সাহস পাবলিকেশন্স’ থেকে এসেছে কবি ও সাংবাদিক মাশুক চৌধুরীর সপ্তম কাব্যগ্রন্থ ‘স্বর্গের রেপ্লিকা’। বটেশ্বর বর্ণন থেকে এসেছে খান মাহবুবের ভ্রমণসমগ্র ‘পথে দেখা বাংলাদেশ’। আবুল মোমেনের ‘যাপনে উদযাপনে’ গল্প গ্রন্থটি এনেছে চন্দ্রদ্বীপ।
দীনেশচন্দ্র সেনের সার্ধশত জন্মবার্ষিকী
রোববার বিকালে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় দীনেশচন্দ্র সেনের সার্ধশত জন্মবার্ষিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সৈয়দ আজিজুল হক। আলোচনায় অংশগ্রহণ করেন ড. মাহবুবুল হক ও ড. এম আবদুল আলীম। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম।
সৈয়দ আজিজুল হক বলেন, “ঊনিশ শতকের শেষার্ধে বাঙালির জাতীয় মানসে উপনিবেশবাদী চিন্তার বিপরীতে যে স্বজাত্যবোধের জাগরণ ও সমৃদ্ধ অতীতের গৌরবে পরিপুষ্ট হয়েছেন দীনেশচন্দ্র সেন। অপরিসীম সাহিত্যানুরাগী ও দেশকল্যাণব্রতী দীনেশচন্দ্র সেন জীবনজিজ্ঞাসা ও শিল্পদৃষ্টির ক্ষেত্রে ছিলেন আধুনিক ও আবেগময়।
“সাহিত্যচর্চায় তার সাধকোচিত নিষ্ঠাই তাকে জাতীয় ঐতিহ্য আবিষ্কার ও ইতিহাসের সত্য-উন্মোচনে সার্থক করে তুলেছে।”
মাহবুবুল হক ও আবদুল আলীম গীতিকা সাহিত্য সংগ্রহ, সংকলন ও সম্পাদনায় দীনেশচন্দ্র সেনের অবদানের কথা তুলে ধরেন।
সোমবারের অনুষ্ঠানসূচি
সোমবার পহেলা ফাল্গুন। এদিন মেলা শুরু হবে বিকাল ৩টায় এবং চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে মদনমোহন তর্কালঙ্কারের জন্ম দ্বিশতবার্ষিকী শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
