বিচারকদের চাকরিবিধি: গেজেটে আরও সময় কেন প্রয়োজন, ব্যাখ্যা চায় আপিল বিভাগ
অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের জন্য কেন বার বার সময় নেওয়া হচ্ছে তা লিখিতভাবে অ্যাটর্নি জেনারেলকে জানাতে বলেছে সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
গেজেট প্রকাশের জন্য এ মামলার সর্বশেষ দিনে এক সপ্তাহ সময় পেয়েছিল রাষ্ট্রপক্ষ। কিন্তু অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রোববার আরও দুই সপ্তাহ সময়ের আবেদন করে।
এরপর প্রধান বিচারপতি বার বার সময় চাওয়ার কারণ সোমবার লিখিলতভাবে জানাতে নির্দেশ দেন।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি বলেছিলেন গেজেট প্রকাশের প্রয়োজন নাই। এটাকে নিয়ে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে এটার বিশেষ অংশ সংশোধন করে পুনরায় পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে আমাকে জানানো হয়েছে।
“আমি আদালতের কাছে সেই কথাটি বলেছি এটা পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। কিন্তু আদালত আমাকে লিখিতভাবে উল্লেখ করে দরখাস্ত করতে বলেছেন। আগামীকাল সেটি দেওয়া হবে।”
রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, “রুলস ফ্রেইম করবেন তো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি একবার অপারগতা প্রকাশ করেছেন বা এটার প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন। কাজেই ফের যদি এটা করতেই হয় তাহলে সেটি সংশোধন করে রাষ্ট্রপতির কাছেই পুনর্বিবেচনার জন্য পাঠানো উচিৎ। সেটিই করা হয়েছে।”
বিষয়টি নিয়ে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কিনা জানতে চাইলে মাহবুবে আলম বলেন, “এটাতো আমার পক্ষে বলা সম্ভব না। তার কারণ রুলস সুপ্রিম কোর্ট যেটা চেয়েছিলেন সেটার কোনো কোনো জায়গায় আইন মন্ত্রণালয় বা রাষ্ট্রপতির ক্ষমতার খর্ব হয়। এটা আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।”
তিনি বলেন, “আমাকে জানানো হয়েছে, এখন আর কোনো অসুবিধা নেই। এটা সংশোধন করে গেজেট প্রকাশ করা হবে। তবে পুনর্বিবেচনার বিষয় যেহেতু, গেজেট প্রকাশে একুট সময় লাগতে পারে।”
মাসদার হোসেন মামলার চূড়ান্ত শুনানি করে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেয়।
ওই রায়ে আপিল বিভাগ বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থি ও বাতিল ঘোষণা করে। একইসঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে ১২ দফা নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত।
মাসদার হোসেন মামলার রায়ের পর ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়ে বিচার বিভাগের কার্যক্রম শুরু হয়। আপিল বিভাগের নির্দেশনার পর গত বছরের ৭ মে আইন মন্ত্রণালয় নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার একটি খসড়া প্রস্তুত করে সুপ্রিম কোর্টে পাঠায়।
সরকারের খসড়াটি ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অনুরূপ হওয়ায় তা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি বলে গত ২৮ আগাস্ট শুনানিতে জানায় আপিল বিভাগ।
এরপর ওই খসড়া সংশোধন করে সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়ে পাঠায়। সেইসঙ্গে তা চূড়ান্ত করে প্রতিবেদন আকারে আদালতে উপস্থাপন করতে বলা হয় আইন মন্ত্রণালয়কে।
এরপর দফায় দফায় সময় দেওয়ার পরও সরকার মাসদার হোসেন মামলার রায়ের আলোকে ওই বিধিমালা গেজেট আকারে প্রকাশ না করায় গত ৮ ডিসেম্বর দুই সচিবকে তলব করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
দুই সচিবের হাজিরার আগে ১১ ডিসেম্বর সন্ধ্যায় আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি নোটিসে বলা হয়, নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপতি ‘সিদ্ধান্ত’ দিয়েছেন।
আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক পরদিন আদালতের তলবে হাজির হলে প্রধান বিচারপতি বলেন, বিধিমালা নিয়ে “রাষ্ট্রপতিকে ভুল বোঝানো হয়েছে।”
সেদিন শুনানি করে গেজেট প্রকাশের নির্দেশনা বাস্তবায়নের জন্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেয় আপিল বিভাগ।
সে অনুযায়ী বিষয়টি ১৫ জানুয়ারি আদালতে উঠলে অ্যাটর্নি জেনারেল এক মাস সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আপিল বিভাগ আদেশ বাস্তবায়নের জন্য ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয়। ৫ ফেব্রুয়ারি তিনি আরও এক সপ্তাহ সময় পান।
এরপরও গেজেট না হওয়ায় রোববার আপিল বিভাগ তার কাছে লিখিত আবেদন চাইল।
